Barak UpdatesHappeningsBreaking News

পরাজয়ের সেঞ্চুরি করবে কংগ্রেস, ভবিষ্যদ্বাণী মোদির

ওয়েটুবরাক, ১৪ মার্চঃ শিলচর থেকে কংগ্রেসকে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অসমের মানুষকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আগাম শুভেচ্ছা জানান। সঙ্গে প্রশংসা করেন হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের।

আজ স্বাধীনতাপূর্ব বরাকের কথাও স্মরণ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। মোদি বলেন, আগে এই অঞ্চল শিল্প-বাণিজ্যে সমৃদ্ধ ছিল। কিন্তু কংগ্রেস এমনভাবে দেশভাগ করেছে যে, বরাক সামুদ্রিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরাই এখানকার ঔদ্যোগিক পরিচিতি কেড়ে নিয়েছে।

তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে, এই দাবি করে মোদি বলেন, বিজেপি বরাক উপত্যকাকে ‘লজিস্টিক ও ট্রে়ড হাব’ বানানোর লক্ষ্যে কাজ করে চলেছে।  এরই অঙ্গ হিসেবে আজ ২৪ হাজার কোটি টাকার এক্সপ্রেস হাইওয়ের শিলান্যাস করা হয়েছে।

শিলচরের সভা থেকে কংগ্রেসকে পরাজয়ের সেঞ্চুরি করবে বলেও কটাক্ষ করেন মোদি। কংগ্রেসিদের কাছে জানতে চান, ২৪ হাজার কোটি লিখতে কতগুলো শূন্য লাগে।

তাঁর কথায়, কংগ্রেস বহু বছর উত্তর-পূর্বকে দূরে সরিয়ে রেখেছিল, বরাক উপত্যকাকে করেছিল অবহেলা। বেহাল অবস্থা ছিল এখানকার।

ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও শিল্পের জন্য বরাক উপত্যকার বিশেষ পরিচিতি রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এখানে সদ্ভাবের সঙ্গে বসবাস করছেন, এমন প্রশংসাও শোনা গিয়েছে মোদির মুখে। তাঁর কথায়, দক্ষিণ এশিয়াকে জুড়ে রাখার সেতুবন্ধ হচ্ছে উত্তর-পূর্ব ভারত।  বরাক উপত্যকা সেই উত্তর-পূর্বের ‘লজিস্টিক ও ট্রেড হাব’ হতে চলেছে। তাতে কর্মসংস্থান বাড়বে। লাভবান হবে মিজোরাম, মণিপুর, ত্রিপুরাও।

শুক্রবার দুইদিনের অসম সফরে আসেন নরেন্দ্র মোদি। দ্বিতীয় দিনে বিশেষ বিমানে গুয়াহাটি থেকে শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। পরে কপ্টারে আসেন চন্দ্রপুর-বুধুরাইল সভাস্থলে। সেখান থেকেই অসমের জনতাকে কংগ্রেস থেকে সাবধান থাকতে বলে গেলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker