NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ধর্মনগরে হাসপাতাল গড়বেন কান্নান-মৃদুলরা, মঙ্গলবার জমি হস্তান্তর

ওয়েটুবরাক ২৬ জানুয়ারি: আরও একটি ক্যান্সার হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটি। এ বার আসামের সীমা ছাড়িয়ে সোসাইটি তার কর্মপরিধি পাশের রাজ্য ত্রিপুরা পর্যন্ত প্রসারিত করছে। সে জন্য সোসাইটি আগেই ত্রিপুরা সরকারের সঙ্গে তারা মউয়ে স্বাক্ষর করে। সে অনুযায়ী আগামী মঙ্গলবার সোসাইটিকে ধর্মনগরের ১৫ একর সরকারি জমির নথিপত্র তুলে দেবে ডা. মানিক সাহার সরকার।
সোসাইটির সাধারণ সম্পাদক নীলাভ মৃদুল মজুমদার জানান, শিলচরে তাদের হাসপাতালে প্রচুর রোগী আসেন ত্রিপুরা থেকে। অনেকেই দুঃস্থ পরিবারের। তাঁদের অসহায়ত্বের কথা ভেবেই ধর্মনগরেও একটি ক্যান্সার হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেন তারা। মজুমদারের দাবি, মঙ্গলবার জমি হস্তান্তর হয়ে গেলে নির্মাণ কার্য শীঘ্রই শুরু হবে।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে শিলচরের কয়েকজন সমাজসেবী সোসাইটি গড়ে চাঁদা তুলে এই হাসপাতাল গড়ে তোলেন। এক দশক পরে সেখানে ডিরেক্টর হিসেবে যোগ দেন বিশিষ্ট চিকিৎসক রবি কান্নান। পরে তিনি পদ্মশ্রী এবং রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডে সম্মানিত হওয়ায় হাসপাতালও বিশেষ মর্যাদা লাভ করে।



