Barak UpdatesHappeningsBreaking News
দুধপাতিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফেরা হল না দুধপাতিলের আনিস আলি লস্করের। ক্ষেতের ওপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে সেখানেই প্রাণ হারান। বৃহস্পতিবার বেলা দুইটায় সংঘটিত এই ঘটনায় বিদ্যুৎ বিভাগের প্রতি এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তাঁরা বলেন, ওই জায়গায় বিদ্যুতের ১১ ভোল্টের তার নীচে নেমে এসেছে। এ ব্যাপারে বারবার বিভাগীয় কর্তাদের জানিয়েও সাড়া মেলেনি। এর দরুন প্রাণ দিতে হয়েছে ৩৪ বছরের আনিস ।
তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ফলে তার মৃত্যুতে গোটা পরিবার অসহায় হয়ে পড়ে। এলাকাবাসী উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হলে এপিডিসিএলের এজিএম বিপ্লব দাস ঘটনাস্থলে গিয়ে চার লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেন।



