India & World UpdatesHappeningsBreaking News
ত্রিশঙ্কু বিধানসভা হবে পশ্চিমবঙ্গে, ভবিষ্যদ্বাণী হুমায়ুন কবীরের

ওয়েটুবরাক, ১৩ মার্চ: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলা ত্রিশঙ্কু ফলের দিকে এগোচ্ছে। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। বৃহস্পতিবার মালদহ জেলা প্রশাসনিক ভবনে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি সাফ জানান, আগামী সরকার গঠনের চাবিকাঠি থাকবে তাঁর দলের হাতেই।
কবীর বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল বা বিজেপি কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আমরা অন্তত ১০০-র বেশি আসন নিয়ে বিধানসভায় যাব। যে দল আমাদের সমর্থন চাইবে, তাদের কাছে আমার স্পষ্ট দাবি থাকবে উপ-মুখ্যমন্ত্রী পদের।”
তিনি আরও জানান, রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ১৮২টি আসনে প্রার্থী দেবে তাঁর দল। মালদহ, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে জনতা উন্নয়ন পার্টি।
জোট প্রসঙ্গে হুমায়ুন কবীর স্পষ্ট করে দেন যে, আইএসএফ, কংগ্রেস বা সিপিএমের সঙ্গে কোনো সমঝোতা হবে না। তবে ‘মিম’-এর সঙ্গে তাঁদের জোট হচ্ছে। পাশাপাশি, ভোটার তালিকায় ‘অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়ায় থাকা ব্যক্তিদের নাম নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আমার কাছে প্রমাণ আছে প্রায় ৩০ শতাংশ মানুষের নাম ট্রাইব্যুনালে পাঠানোর ষড়যন্ত্র চলছে। এমনটা হলে আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করব।”
তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, “তিনি উন্মাদ হয়ে গিয়েছেন। বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন আর পাগলের মতো ভুলভাল বকছেন। এটা মানুষের কাছে হাস্যকর।” কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক অর্জুন হালদার কটাক্ষ করে বলেন, “এমন কথা শুনে সাধারণ মানুষ হাসবে। উনি কী ভেবে বলছেন উনিই জানেন।”
বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “কে কী বলল সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। তবে ত্রিশঙ্কুর কোনো গল্প নেই, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপিই ক্ষমতায় আসছে।”



