Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
তৃণমূলও ত্যাগ সুস্মিতার, হিমন্তের সঙ্গে সাক্ষাৎ

ওয়েটুবরাক, ১০ জুন: তৃণমূল কংগ্রেস ছাড়লেন সুস্মিতা দেব। সঙ্গে রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দিলেন। আজই তিনি রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেন। এর আগে সুখেন্দু শেখর রায়-ও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। সুস্মিতার দিক থেকে এটি তাঁর দ্বিতীয় দলত্যাগ। এর আগে ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দেন তিনি। দলে যোগ দেওয়ার পরই তাঁকে একের পর এক গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র নিযুক্ত করেন। এরপর দুই দফায় রাজ্যসভার সাংসদ করা হয় সুস্মিতাকে।উত্তর-পূর্ব ভারতে সংগঠন বিস্তারের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে একবার তাঁকে ইনচার্জ করা হয়। অসমেও তাঁর পরামর্শ মেনেই দল চালাচ্ছিলেন তৃণমূলের হাইকমান্ড।
আজ সুস্মিতার দলত্যাগের দরুন অসমে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। কাছাড় জেলায় অবশ্য ঘাসফুলের পৃথক কোনও অস্তিত্ব নেই। এখানে মমতা দিদি নন, দিদি সুস্মিতা দেব। তাঁর ইস্তফার সঙ্গে সঙ্গে তৃণমূলের সামাজিক মাধ্যমের আইকন-ডিপিও বদলে গিয়েছে।
কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কী করবেন সুস্মিতা দেব? বিজেপিতে যোগ দেবেন? আজই তিনি দিল্লিতে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই তাঁর পদ্মফুল কুড়োনোর সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।
সুস্মিতা দেব অবশ্য এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। তবে দিল্লিতে সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট বক্তব্য, ‘স্বাধীন ও গণতান্ত্রিক দেশে এটা আমার সিদ্ধান্ত যে আমি কোন দলে যাব, কেমন রাজনীতি করব। এর অধিকার আছে আমার।’ তবে তিনি তৃণমূল কংগ্রেস বা মমতা-অভিষেক সম্পর্কে কোনও নেতিবাচক মন্তব্য করবেন না আগাম জানিয়ে রাখেন।

