Barak UpdatesHappeningsBreaking News
টেক্সট মাইনিং নিয়ে তিনদিনের কর্মশালা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ে

ওয়ে টু বরাক, ১৯ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত হল ‘টেক্সট মাইনিং’-এর ওপর তিনদিনের এক কর্মশালা। এই কর্মশালার লক্ষ্য ছিল- অংশগ্রহণকারীদের টেক্সট মাইনিং, বিশ্লেষণাত্মক কৌশল এবং গবেষণার জন্য প্রাসঙ্গিক এআই সরঞ্জামগুলিতে মৌলিক থেকে উন্নত জ্ঞান প্রদান করা। বিভাগীয় সেমিনার হলে সম্প্রতি আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, অধ্যাপক কে. এল. বৈষ্ণব, অধ্যাপক সুদীপ্ত রায়, অধ্যাপক দিব্যজ্যোতি ভট্টাচার্য প্রমুখ। স্বাগত বক্তব্য পেশ করেন বিভাগীয় প্রধান অধ্যাপক দেবমাল্য ঘোষ। কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন আহ্বায়ক ডঃ জয়িতা দেব। সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করার পাশাপাশি অনুপ্রেরণামূলক বক্তব্য পেশ করেন উপাচার্য সহ সম্মানিত অতিথিরা। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন আহ্বায়ক ড. দেব।

প্রথম দিনের কারিগরি অধিবেশনে টেক্সট মাইনিংয়ের ওপর আলোকপাত করা হয়। এই অধিবেশনে ড. তপোধীর আচার্য টোকেনাইজেশন এবং পিওএস ট্যাগিংয়ের মতো মূল ধারণাগুলি নিয়ে আলোচনা করেন। ড. অর্ণব পাল পাইথনের মৌলিক বিষয়গুলি এবং টেক্সট মাইনিং লাইব্রেরিগুলির ওপর আলোকপাত করেন। সেন্টিমেন্ট বিশ্লেষণের ওপর প্রশিক্ষণ দেন প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া। ড. পালের সঙ্গে তিনি এনএলটিকে, স্প্যাসি ও এক্সেল ব্যবহার করে টেক্সট প্রক্রিয়াকরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নির্দেশনা দেন।

দ্বিতীয় দিন টেক্সট উপস্থাপনা এবং ভিজ্যুয়ালাইজেশন নিয়ে আলোচনা করা হয়। ড. সুনিতা সরকার টিএফ-আইডিএফ ইত্যাদি বিভিন্ন মডেল ব্যাখ্যা করেন এবং বেসিক মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনগুলির ওপর আলোকপাত করেন। ড. সৌরিশ ধর পান্ডাস এবং ম্যাটপ্লটলিব ব্যবহার করে ডেটা ভিজ্যুয়ালাইজেশনের ওপর আলোচনা করেন। সৌরভ মহন্ত অংশগ্রহণকারীদের সাইকিট-লার্ন, জেনসিম ও পাওয়ার বিআইর ওপর প্রশিক্ষণ দেন। নয়ন জ্যোতি মজুমদার দ্বিতীয় দিনের অধিবেশনের সমাপ্তি করেন ট্যাবলো ও র্যাপিডমাইনার প্রশিক্ষণের মাধ্যমে।
তৃতীয় দিনটি টেক্সটের জন্য মেশিন লার্নিং-এর ওপর আলোকপাত করা হয়। অধ্যাপক পঙ্কজ কুমার দেব শর্মা ন্যাভ বেইস, এসভিএম এবং কে-মিনসের মতো শ্রেণীবিভাগ এবং ক্লাস্টারিং কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ড. রাহুল কুমার চাওদা অরেঞ্জ ল্যাব কেস স্টাডির মাধ্যমে রিয়েল-ওয়ার্ল্ড এপ্লিকেশনগুলি প্রদর্শন করেন। অমিত কুমার রায় ট্রান্সফরমার, হাগিং ফেস এবং ওপেনএআই-এর মতো উন্নত সরঞ্জামগুলির ওপর আলোকপাত করেন। অধ্যাপক প্রদীপ্ত দাস গবেষণার জন্য এআই সরঞ্জামগুলির ওপর আলোচনার মাধ্যমে প্রযুক্তিগত অধিবেশনগুলি শেষ করেন।

অধ্যাপক দেবোমাল্য ঘোষের পৌরোহিত্যে সমাপ্তি অধিবেশনে অধ্যাপক অলোক সেন টেক্সট মাইনিংয়ের আন্তঃবিষয়ক প্রাসঙ্গিকতার ওপর জোর দেন। অধ্যাপক শাহিন আরা বেগম সমসাময়িক তাৎপর্যের বর্ণনা করেন। অধ্যাপক প্রদীপ্ত দাস বিষয়বস্তু এবং বাস্তবায়নের প্রশংসা করেন। অংশগ্রহণকারীরাও উৎসাহের সঙ্গে তাদের ইতিবাচক অভিজ্ঞতা ভাগ করে নেন। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন কর্মশালার সহ-আহ্বায়ক ডঃ লুরাই রংমাই। তিনদিনের এই কর্মশালা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে আয়োজিত সমীক্ষায় উচ্চ সন্তুষ্টি প্রকাশ পেয়েছে।



