India & World UpdatesHappeningsBreaking News
চিকিৎসকের হিজাব খুলে ফেলা নিয়ে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী

ওয়েটুবরাক, ১৬ ডিসেম্বর: অনুষ্ঠান চলাকালে এক তরুণী চিকিৎসকের হিজাব ধরে টেনে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উঠেছে সমালোচনার ঝড় (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়েটুবরাক)। এই ঘটনার পর নীতীশকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী দলগুলিও।
সোমবার পাটনায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীতীশ কুমার। সেখানে হাজারেরও বেশি আয়ুষ চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছিল। ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, হিজাব পরা এক তরুণী চিকিৎসক নিয়োগপত্র নিতে মঞ্চে উঠেছেন। আর নিয়োগপত্র দেওয়ার পর তাঁর হিজাবের দিকে ইশারা করছেন বিহারের মুখ্যমন্ত্রী। মূলত নীতীশ ওই তরুণীকে জিজ্ঞাসা করেন, ‘এটা কী?’ এবং সেটি খুলে ফেলার নির্দেশ দেন। কিন্তু এরপর নীতীশ নিজেই সেটি টেনে খুলে দেওয়ার চেষ্টা করেন। এতে চমকে ওঠেন ওই তরুণীও। সেই মুহূর্তে নীতীশকে থামাতে তাঁর হাত ধরে টানতে দেখা যায় পাশে দাঁড়ানো উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে।
এই ঘটনায় নীতীশের উপর ক্ষোভপ্রকাশ করেছেন কংগ্রেস এবং আরজেডির মতো বিরোধী দলগুলি। আরজেডির তরফে এই ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘নীতীশজির কী হয়েছে? তাঁর মানসিক অবস্থা কি এখন পুরোপুরি শোচনীয় পর্যায়ে পৌঁছেছে নাকি নীতীশবাবু এখন ১০০ শতাংশ সংঘের সদস্য হয়ে গিয়েছেন?’ এই কাণ্ডকে ‘ঘৃণ্য কাজ’ বলে উল্লেখ করে নীতীশের তীব্র সমালোচনা করে কংগ্রেসও। সেই সঙ্গে তাঁর পদত্যাগের দাবিও করা হয়েছে। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লেখা হয়েছে, ‘ইনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর নির্লজ্জতা দেখুন। বিহারের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি প্রকাশ্যে এই ধরণের জঘন্য কাজ করছেন। ভাবুন, এই রাজ্যে তাহলে মহিলারা কতটা নিরাপদ? এই ঘৃণ্য কাজের জন্য নীতীশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এটি ক্ষমার অযোগ্য।’



