NE UpdatesHappeningsBreaking News
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার শিবসাগরের খাদ্য ও গণবণ্টন সুপারিনটেনডেন্ট

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর : অসমের ডিরেক্টরেট ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন বিভাগ (DVAC) শিবসাগরের খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক দপ্তরের সুপারিনটেনডেন্ট নাগিব খান-কে ৮,০০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্ৰেফতার করেছে। বুধবার শিবসাগর জিলা আয়ুক্তের দফতরে ভিজিল্যান্স আদিকারিকরা জাল বিছিয়ে তাঁকে গ্রেফতার করেন।
অভিযোগকারী অভিযোগ করেন, আধিকারিক খান এক সমবায় সমিতির চাল পরিবহন ও বিতরণের বিল প্রক্রিয়াকরণের জন্য ২০,০০০ টাকা দাবি করেছিলেন। পরে আলোচনার মাধ্যমে ঘুষের অঙ্ক কমিয়ে ৮,০০০ টাকা করা হয়। কিন্তু টাকা দিতে অনিচ্ছুক অভিযোগকারী ভিজিল্যান্সের কাছে অভিযোগ দায়ের করেন। এর পরেই তদন্ত শুরু হয়।
স্টিং অপারেশনের সময় খানকে তাঁর দফতরের কক্ষে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে ঘুষের অর্থ পরে উদ্ধার করা হয়। তবে এ সংক্রান্ত যথেষ্ট প্রমাণ পাওয়ার পরই ভিজিল্যান্স কর্মীরা তাঁকে গ্ৰেপ্তার করেন এবং দুর্নীতি দমন আইন, ১৯৮৮ (২০১৮ সালে সংশোধিত)–এর ৭(ক) ধারায় এসিবি থানায় মামলা (মামলা নং ৫০/২০২৫) নথিভুক্ত করে। আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।



