NE UpdatesAnalyticsBreaking News
প্রধানমন্ত্রীর নুমলিগড় স্মরণীয় করে রাখতে তৈরি হচ্ছে নিম করিডোর

ওয়ে টু বরাক, ১০ সেপ্টেম্বর : পথের দু’পাশে সুন্দরভাবে রোপণ করা হয়েছে নিমগাছ। নতুন করে নির্মিত ২.২ কিলোমিটার দীর্ঘ রাস্তার দু’ধারে ছোট ছোট নিমগাছ রোপণের মূল উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানো এবং তাঁর এই সফরের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখা।
আগামী ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নুমলিগড়ে আসবেন। তাঁকে বরণ করার জন্য লেটেকুজান চা-বাগানের মধ্য দিয়ে নতুন করে ২.২ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করা হয়েছে। এই রাস্তার দু’পাশে খুমতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক মৃণাল শইকিয়া ৬০০টি নিমগাছের চারা রোপণের ব্যবস্থা করেছেন। তিনি ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রীর এই সফরের স্মৃতিকে অমলিন করে রাখতে এই রাস্তার নামকরণ করা হবে “প্রধানমন্ত্রী নিম করিডোর”। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে লখিমপুরের বিধায়ক মানব ডেকাও অংশগ্রহণ করেন।
এ বিষয়ে বিধায়ক মৃণাল শইকীয়া বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে আসবেন। সেই স্মৃতি চিরস্থায়ী করে রাখতে আমরা নতুন নির্মিত এই রাস্তার ধারে নিম করিডর তৈরি করেছি এবং এর নাম দিয়েছি প্রধানমন্ত্রী নিম করিডোর। ইতিমধ্যেই জনসভা আয়োজনের প্রস্তুতিও চলছে।”
অন্যদিকে, লখিমপুরের বিধায়ক মানব ডেকা নিমচারা রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, “১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নুমলিগড়ে আসবেন। নতুন নির্মিত এই পথ দিয়েই তিনি যাত্রা করবেন। বিধায়ক মৃণাল শইকিয়া এই পথে নিমগাছ রোপণ করে প্রধানমন্ত্রীর নামে উৎসর্গ করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও এখানে একটি নিমগাছ রোপণ করবেন।”
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নুমলিগড়ে ভারতের প্রথম বায়োরিফাইনারি দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করবেন। চার হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগে নির্মিত এই বায়োরিফাইনারি থেকে অসমের প্রায় ৫০ হাজার বাঁশ চাষি উপকৃত হবেন।



