Barak UpdatesHappeningsBreaking News
গল্পকার মিথিলেশ ভট্টাচার্য আর নেই

ওয়েটুবরাক, ২১ অক্টোবর: গল্পকার মিথিলেশ ভট্টাচার্য আর নেই। সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে তিনি কল্যাণী হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আর সেই সঙ্গে অবসান ঘটল বরাক উপত্যকার গদ্য সাহিত্যের এক উজ্জ্বল যুগের।
আর কিছু দিন পরেই ৮০ বছরে পা রাখতেন বিশিষ্ট কথাকার মিথিলেশ ভট্টাচার্য। এর আগে লিভারের সমস্যা কেড়ে নিল এক অমূল্য প্রাণ। অর্থনীতির ছাত্র মিথিলেশ পেশাগত জীবনে ছিলেন একজন ব্যাঙ্ক কর্মী। ইউকো ব্যাঙ্কে চাকরি করতেন। তবে অর্থকড়ির প্রতি কখনও আকর্ষণ বোধ করেননি। এর চেয়ে বেশি পছন্দ করতেন, মানুষের সঙ্গে মিশতে, আন্তরিক ভাবে গল্প করতে।
তাঁর প্রয়াণে এই উপত্যকার তো বটেই, বাংলা কথাসাহিত্যেরই বিরাট ক্ষতি হয়ে গেল। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর বলেন, “মিথিলেশদার মৃত্যু আমাদের বিরাট ক্ষতি। বরাকের কথাসাহিত্যকে তিনি ধরে রেখেছিলেন। গতবছর বঙ্গসাহিত্যের দূর-শিক্ষাকেন্দ্রের অষ্টম শিক্ষাবর্ষের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর প্রিয় যে জীবনানন্দ দাসের কবিতার পঙক্তি তাঁর গল্পের মধ্যে আসত অহরহ, সেই কবি জীবনানন্দের প্রয়াণ দিবসের দুই দিন আগে তিনিও না ফেরার দেশে চলে গেলেন। তাঁর প্রতি রইল আমার প্রণাম।”
শিলচর টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক দিলীপকুমার দে বলেছেন, “অত্যন্ত বড় দুঃসংবাদ। আমার এক সজ্জন অনুজপ্রতিম প্রিয়জন চলে গেলেন। এই উপত্যকা বাংলায় গল্প লেখকদের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল। গভীর শ্রদ্ধা নিবেদন করি।”



