Barak UpdatesHappeningsBreaking News

ক্যাম্পাস প্লেসমেন্টে অনন্য সাফল্য আসাম বিশ্ববিদ্যালয়ের, নিয়োগ দু’শর বেশি শিক্ষার্থীর

ওয়ে টু বরাক, ৩০ মে: ক্যাম্পাস প্লেসমেন্টে এ বছর অনন্যসাধারণ সাফল্য অর্জন করল আসাম বিশ্ববিদ্যালয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থীর কর্মসংস্থান নিশ্চিত করে মাইলফলক স্পর্শ করেছে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সিলিং এন্ড প্লেসমেন্ট সেল।

এ বছর নিযুক্তিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের চূড়ান্ত বর্ষের দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে ছেলেদের হার ৮০.১ শতাংশ ও মেয়েদের ৭৬.৪ শতাংশ। এদের বার্ষিক সর্বোচ্চ দশ লক্ষ টাকা বেতন সহ অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা প্রদানের প্রস্তাবও দেওয়া হয়েছে।

নিযুক্তি প্রদান করা সংস্থার মধ্যে রয়েছে এশিয়ান পেইন্টস, ডেলয়েট, পিডব্ল্যুসি, আইডিবিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, বন্ধন ব্যাংক, আইসিআইসিআই প্রডেন্সিয়াল, পলিক্যাব, সেন্ট গোবেইন, টাটা ইলেকট্রনিকস, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, এলেম্বিক ফার্মাসিউটিক্যালস, ডাঃ লাল পাথ ল্যাবস, ব্লুস্টোন, ডিমার্ট, কোডইয়ং, এভিওট্রন এরোস্পেস, মিরে এসেট ফিনান্সিয়াল সার্ভিসেস ইত্যাদি।

এই সংস্থাগুলো ম্যানেজমেন্ট ট্রেনি, অপারেশনস এগজিকিউটিভ, এনালিস্ট, সেলস অফিসার, ফিনান্সিয়াল কনসালট্যান্ট, সফটওয়্যার ডেভেলপার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ইত্যাদি পদে চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের নিযুক্তি প্রদান করেছে। এই নিযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশের ছাড়পত্র হাসিল করলেন শিক্ষার্থীরা।

এই অসাধারণ সাফল্যের পেছনে অসামান্য অবদান রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড  প্লেসমেন্ট সেলের। ডিরেক্টর অধ্যাপক দেবমাল্য ঘোষের তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগের পড়ুয়াদের মধ্যে নিয়মিত দক্ষতা বিকাশ কর্মশালা, শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি, মক ইন্টারভিউ, একাডেমিক – কর্পোরেট ব্যবধান ঘোচাতে প্রশিক্ষণ ইত্যাদি আয়োজনই পড়ুয়াদের আরও সাবলীল করে।

এ বছর প্লেসমেন্টের পরিসংখ্যান আরও একটি বিষয় নিশ্চিত করেছে যে, কর্মসংস্থানে কোনও ধরনের লিঙ্গ বৈষম্য হয়নি। ছেলেদের মধ্যে যেখানে ৮০.১ শতাংশ নিযুক্তি হয়েছে, সে ক্ষেত্রে মেয়েদের বেলায় সেই হার ৭৬.৪ শতাংশ। অর্থাৎ কোনও পক্ষপাত ছাড়াই প্রতিভা বিকাশে সমান্তরালভাবে ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করে তোলা হয়েছে।

ক্যাম্পাস প্লেসমেন্টের ক্ষেত্রে সিসিপিসির এই উল্লেখযোগ্য সাফল্যে সন্তোষ প্রকাশ করে নিযুক্তিপ্রাপ্ত পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ ও নিবন্ধক ড. প্রদোষকিরণ নাথ। সেইসঙ্গে নিয়োগকারী সংস্থাগুলোর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিক্ষার বিকাশের পাশাপাশি পড়ুয়াদের কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রেও আসাম বিশ্ববিদ্যালয় যে পিছিয়ে নেই, এই সাফল্য তারই উপযুক্ত প্রমাণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker