India & World UpdatesHappeningsBreaking News
কোরেসি ইস্যু : মধ্য প্রদেশের মন্ত্রীকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

ওয়েটুবরাক, ১৬ মে : ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে কুমন্তব্য করার জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে বৃহস্পতিবার ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সেনা অফিসার কর্নেল কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলেছিলেন বিজেপির মন্ত্রী শাহ। প্রধান বিচারপতি বিআর গবইয়ের পর্যবেক্ষণ, শাহের এই মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়, অসংবেদনশীল। মধ্যপ্রদেশ হাই কোর্ট ওই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। অন্য দিকে, মধ্যপ্রদেশ পুলিশ যে ভাবে এই ঘটনায় এফআইআর দায়ের করেছে, তা নিয়ে ধমক দিয়েছে মধ্যপ্রদেশ হাই কোর্ট।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি গবই মধ্যপ্রদেশের মন্ত্রীকে ধমক দিয়ে বলেন, ‘‘কী ধরনের মন্তব্য করছেন? আপনার অন্তত একটু সংবেদনশীলতা দেখানো উচিত। যান, গিয়ে হাই কোর্টে ক্ষমাপ্রার্থনা করুন।’’ কর্নেল কুরেশির বিরুদ্ধে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী যে মন্তব্য করেছেন, তার নিন্দা করেছেন বিরোধী দলগুলির নেতারা। এমনকি, বিজেপি নেতাদের একাংশও নিন্দায় সরব হয়েছেন। শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে হাই কোর্টের নির্দেশে। গ্রেফতারি এড়াতে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শাহ। হাই কোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘আপনার এক দিনে কিছুই হবে না। আপনি ভাল করেই জানেন, কে আপনি।’’
অন্য দিকে, মধ্যপ্রদেশ পুলিশকে ধমক দিয়েছে হাই কোর্ট। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘এফআইআর কি পড়েছেন? অপরাধ যে হয়েছে, সেই বিষয়টি কোথায়?’’ বেঞ্চের আরও পর্যবেক্ষণ, ‘‘এমন ভাবে এফআইআরের খসড়া তৈরি করা হয়েছে যে, তা খারিজ হয়ে যেতে পারে। এফআইআরে কিছুই নেই।’’ এর পরেই পুলিশকে আদালতের নির্দেশ, রাজ্যের মন্ত্রী যা করেছেন, তা বিশদে জানাতে হবে এফআইআরে।



