Barak UpdatesHappeningsBreaking News
কাল বঙ্গভবনে বরাকবঙ্গের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন

ওয়েটুবরাক, ২০ জুন: বরাক উপত্যকার সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রের কেন্দ্রীয় মঞ্চ ‘বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন’ পঞ্চাশে পা দিয়েছে। এ উপলক্ষে আগামীকাল শিলচর বঙ্গভবনে কেন্দ্রীয়ভাবে সংগঠনের সুবর্ণ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। এরপর উপত্যকার তিন জেলা এবং কলকাতা অধ্যায়ে পর্যায়ক্রমে বিভিন্ন স্তরে সুবর্ণ জয়ন্তী উদযাপনের কার্যক্রম রূপায়ণ করা হবে।
রবিবার সকাল ১১ টায় শিলচর বঙ্গভবনের মিলনায়তনে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও লেখক , বিজ্ঞান আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মিহির কান্তি দেব। অনুষ্ঠানে উপত্যকার জনপ্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকবেন উপত্যকার তিন জেলা সম্মেলনের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা, সদস্য, শুভাকাঙ্ক্ষী, পৃষ্ঠপোষক এবং সাহিত্য-সংস্কৃতি- সমাজমনস্ক ব্যক্তিরা।
১৯৭৭ সালে বিশিষ্ট আইনজীবী প্রিয়নাথ দেব ও শিক্ষাবিদ প্রেমেন্দ্র মোহন গোস্বামীর নেতৃত্বে আত্মপ্রকাশ করেছিল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, যা বরাকবঙ্গ নামেই এখন সুপরিচিত। বিগত পাঁচ দশক ধরে এই সংগঠন ‘আত্মপরিচয় রক্ষার পথচলায়’ বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা, ৬১র ভাষা আন্দোলনের ফলশ্রুতিতে বাংলা ভাষা রক্ষায় অর্জিত আইনি অধিকার সংরক্ষণ, একে লংঘন করার সরকারি-বেসরকারি প্রয়াসের বিরুদ্ধে চলমান ভাষা সংগ্রামে অগ্রণী ভূমিকা গ্রহণ, শিক্ষা ও নাগরিক অধিকার রক্ষা, প্রতিবেশী বিভিন্ন ভাষিক গোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক রেখে মর্যাদার ভিত্তিতে সমন্বয় সাধন এবং উপত্যকার আর্থিক ও সামাজিক বিকাশের ক্ষেত্রে অন্তরায় দূরীকরণে ত্রিস্তরীয় সাংগঠনিক কাঠামোয় নানা মাত্রায় কাজ করে চলেছে। পর্যায়ক্রমে প্রকাশিত হচ্ছে নানা গ্রন্থ ও গবেষণা পত্রিকা। বাংলা পঠন-পাঠনের ক্ষেত্রকে প্রসারিত করার জন্য সম্মেলনের পরিচালনাধীন দূর শিক্ষা কেন্দ্র থেকে বাংলা ডিপ্লোমা কোর্সের পাঠদান করা হচ্ছে।
সম্মেলনের কেন্দ্রীয় সমিতির উদ্যোগে সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য কেন্দ্রীয় সভাপতি সতু রায়ের নেতৃত্বে কেন্দ্রীয়, জেলা ও আঞ্চলিক স্তরের কর্মকর্তাদের নিয়ে একটি সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন সমিতি গঠন করা হয়েছে। উৎসবের বিভিন্ন কার্যক্রমে সম্মেলনের কাজকর্মের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বর্তমান সংকট এবং তার উত্তরণ নিয়ে বিভিন্ন পর্যায়ে মতবিনিময়ের কার্যক্রম হাতে নেওয়া হবে। রবিবার বঙ্গভবনে বেলা ১১ টায় সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছে উদযাপন সমিতি। সম্মেলনের মুখপাত্র গৌতম প্রসাদ দত্ত এক বার্তায় এ খবর জানিয়েছেন।

