Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় জেলায়ও একাধিক স্থানে ভারত বনধ পালনে বিক্ষোভ কর্মসূচি

ওয়ে টু বরাক, ৯ জুলাই : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও ভারত বনধ কর্মসূচি পালন করেছে কো-অর্ডিনেশন কমিটি অক ইলেকট্রিসিটি এমপ্লইয়িজ ইঞ্জিনিয়ার অ্যান্ড পেনশনার্-এর কাছাড় জোনাল কমিটি। এ দিন কমিটির সদস্যরা কাছাড় জেলার সর্বত্র অফিস বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন সহ বিভিন্ন দাবি আদায়ে শ্লোগান দেন। শুধু কাছাড়ই নয়, একইভাবে সারা রাজ্যে বিদ্যুৎ পর্ষদের কার্যালয়ে একইভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চ, বিভিন্ন রাজ্য কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় ও রাজ্য পেনশনার্স সংস্থা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থাগুলোর আহবানে এবং বিদ্যুৎ কর্মী ইঞ্জিনিয়ারদের রাষ্ট্রীয় সমন্বয় সমিতির নির্দেশে আসাম রাজ্যিক বিদ্যুৎ পর্ষদের কো-অর্ডিনেশন কমিটি অব এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার অ্যান্ড পেনশনার্স সমিতি, কাছাড় জোনাল কমিটি বিভিন্ন দাবি সম্বলিত এবং বিদ্যুৎ ক্ষেত্র সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে ব্যক্তিগত মালিকানায় দেশী-বিদেশি পূঁজিপতিদের কাছে বিক্রি করে দেওয়ার সরকারি অপচেষ্টার বিরুদ্ধে এই বনধ পালন করা হয়।
কাছাড় জোনের প্রতিটি অফিস প্রাঙ্গণে এবং মেহেরপুর জেনারেল ম্যানেজার অফিস সংলগ্ন অন্যান্য অফিস থেকে সর্বস্তরের বিদ্যুৎ কর্মী মেহেরপুর অফিস প্রাঙ্গণে জমায়েত হয়ে সফলভাবে ভারত বনধ পালন করেন। শ্রমিক স্বার্থ বিরোধী কুখ্যাত শ্রম- কোড, শ্রমিক কর্মচারীর উপর তার বিরূপ প্রভাব, জনগণের টাকা দিয়ে তৈরি বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো জলের দামে ক্রমান্বয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে, তার বিশদ আলোচনা করা হয়।
এছাড়া কৃষকের ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের দাবি, অস্থায়ী কর্মচারী দের স্থায়ীকরণ এবং বিশেষভাবে উত্তরপ্রদেশে দুটি বিদ্যুৎ ডিভিশনকে ব্যক্তিগত মালিকানায় বিক্রি করার উদ্দেশ্যে টেন্ডার নোটিশের প্রতিবাদে দীর্ঘদিন থেকে সেখানকার বিদ্যুৎ কর্মী ও ইঞ্জিনিয়ারদের মরণপণ লড়াইয়ে সহমর্মিতা প্রকাশ করে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সংস্থার কাছাড় জোনাল কমিটির মুখ্য আহ্বায়ক নির্মল কুমার দাস, আহ্বায়ক তাপস আয়ান, বিমল সিনহা, গৌরাঙ্গ বণিক, পিনাকপানি হোম চৌধুরী, সঞ্জয় ঘোষ, দেবব্রত আচার্য, রাজু বর্মন, কল্লোল দেবরায় প্রমুখ। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের তন্ময় বরা, অরূপ পাল, চিত্রভানু ভৌমিক, দীপক কুন্ডু, পল্লব চৌধুরী, বিজিত ভট্টাচার্য, মানবেন্দ্র ধর প্রমুখ।



