Barak UpdatesHappeningsBreaking News
এসআরে অনিয়ম, অনির্দিষ্টকালের অনশনে বসছেন সঞ্জীব রায়

ওয়েটুবরাক, ২৭ জানুয়ারিঃ ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআরের নামে ব্যাপক হারে বিরোধী ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। এই অভিযোগ জানিয়ে প্রতিবাদে অনির্দিষ্টকালীন অনশন সূচি ঘোষণা করলেন কংগ্রেস নেতা তথা এনজিও ইয়াসির সভাপতি সঞ্জীব রায়। তিনি অবশ্য ব্যক্তিগত ভাবে এই প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়েছেন। বিশেষ কোনও ব্যানার বা সংগঠনের পরিচয় টেনে আনেননি।
সঞ্জীব ওরফে চিন্টু রায় জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার সকাল এগারোটায় শহিদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালের অনশনে বসবেন। যতদিন বৈধ ভোটারদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া না হবে, ততদিন অনশন চালিয়ে যাবেন বলে দৃপ্তকণ্ঠে ঘোষণা করেন সঞ্জীব।
তিনি বলেন, এসআরের নামে নাগরিকত্ব নিয়েই এক ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে। মিথ্যা আপত্তি দাখিল করে সাধারণ নাগরিকদের শুনানিতে ডেকে নিয়ে অহেতুক সমস্যায় ফেলা হচ্ছে। এই হয়রানি বন্ধ করতে হবে। সেইসঙ্গে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাঁর কথায়, এসআরের মতো নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ভোটার তালিকা সংশোধন হোক, তাতে আপত্তির কিছু নেই, কিন্তু বিরোধী ভোটারদের নাম ছেঁটে ফেলার যে ষড়যন্ত্র চলছে, তাকে তিনি প্রতিহত করবেন। আর করবেন গান্ধীজি প্রদর্শিত অনশনের পথেই।



