Barak UpdatesHappeningsBreaking News
এবারও বেশ সাড়া সুদর্শন গুপ্ত স্মৃতি মেধা পরীক্ষায়

ওয়েটুবরাক , ২ নভেম্বর: “সুদর্শন গুপ্ত স্মৃতি মেধা পরীক্ষা প্রতিযোগিতা”-র দ্বিতীয় সংস্করণ আজ রবিবার শিলচরের কাছাড় কলেজে অনুষ্ঠিত হয়। গত বছরে এই প্রতিযোগিতাটি ইয়াসির একক উদ্যোগে অনুষ্ঠিত হলেও এইবার তাদের সঙ্গে যুক্ত হয় লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং সেন্ট্রাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি।কাছাড় জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে দুই বিভাগে এদিন মোট ২২০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।
প্রশ্নপত্রের মোড়ক উন্মোচন করে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ এবং আয়োজক কমিটির উপদেষ্টা সাংবাদিক উত্তমকুমার সাহা। দু’জনেই তাঁদের বক্তব্যে এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ছাত্রছাত্রীদের নিয়মিতভাবে এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরামর্শ দেন। প্রয়াত সুদর্শন গুপ্তের স্ত্রী মৌমিতা গুপ্ত তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় পুরো আয়োজনের নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন সমন্বয়ক প্রশান্ত ভট্টাচার্য, সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষা বিশ্বরূপা ভট্টাচার্য, মিনারা লস্কর, সুবীর দে, সাজন লস্কর, আহাদ বরভুঁইয়া, সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট প্রথমা দত্তরায়, হারান চন্দ্র দাস, দেবযানী ভট্টাচার্য, সুপ্রভা রাজকুমারী, শিল্পা পাল, শ্যামলী ভট্টাচার্য, সাহারুল মজুমদার, শ্রাবণী দাস, মনোয়ারা চৌধুরী, ঋতিকা দাস, শর্বাণী গোস্বামী, পারমিতা দাস এবং ইয়াসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (সংগঠন) প্রণয় নাগ। এছাড়াও বিভিন্ন ভাবে সহায়তা করে শাকিল বরভুঁইয়া, শিব শংকর কলোয়ার এবং প্রসন্ন দাস।
লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর গাইড সঞ্জীব রায় জানান যে, অতি শীঘ্রই বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে এমন আরও মেধা পরীক্ষা- প্রতিযোগিতার আয়োজন করা হবে।



