Barak UpdatesHappeningsAnalytics
একলা-র উদ্যোগে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন রাধামাধব কলেজে

ওয়ে টু বরাক, ৯ আগস্ট : শনিবার আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন (একলা) বরাক উপত্যকা জোনের উদ্যোগে ও রাধামাধব কলেজের সহযোগিতায় রাধামাধব কলেজ প্রাঙ্গণে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন ও “উন্মুক্ত অনলাইন পাঠক্রমের মাধ্যমে ডিজিটাল শিক্ষার ক্ষমতায়ন” শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এ দিনের আয়োজনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স-এর বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুকুট শর্মা।
এ দিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে রিসোর্স পার্সন ড. মুকুট শর্মা বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের লার্নিং ম্যানেজমেন্ট সার্ভিস, ইনফ্লিবনেট এর নোডাল অফিসার হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। রিসোর্স পার্সন হিসেবে রাধামাধব কলেজে আয়োজিত কর্মশালায় এসে খুব ভাল একটা অভিজ্ঞতা হয়েছে তার । তিনি বলেন, ‘কর্মশালায় অনলাইন এবং অফলাইনে যারা জয়েন করেছেন তাদের কীভাবে কোর্স তৈরি করতে হয়, কীভাবে শিক্ষার্থীদের ভর্তি করাতে হয়, কীভাবে পিডিএফ ফাইল আপলোড করা হয় এসব বিষয় আলোকপাত করেছি, আশাকরি সবাই উপকৃত হবেন।’ আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও রাধামাধব কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় কর্মশালা সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ দিকে রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী এধরনের কর্মশালা আয়োজনের জন্য আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন বরাকভ্যালি জোনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি এই কর্মশালার স্থান হিসেবে রাধামাধব কলেজকে বেছে নেওয়ার জন্য তিনি তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান। বর্তমান ডিজিটাল জমানায় এধরনের কর্মশালার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন অধ্যক্ষ। আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন আসাম রাজ্য উপ-সভানেত্রী তথা রাধামাধব কলেজের লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরী বলেন, আজকের এই কর্মশালায় অনলাইনে ৮০ জন এবং অফলাইনে ২০ জন পার্টিসিপেন্টস যোগ দেন। আজকের এই অনলাইন কর্মশালায় অনেক শিক্ষকও অংশগ্রহণ করেছেন।
শুরুতে লাইব্রেরি সায়েন্সের জনক পদ্মশ্রী ড. এস আর রঙ্গনাথনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। লাইব্রেরি সায়েন্সে ডঃ এস আর রঙ্গনাথনের অসামান্য অবদানের কথা তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিলচর মহিলা কলেজের লাইব্রেরিয়ান ড. সরিতা ভট্টাচার্য, কাছাড় কলেজের লাইব্রেরিয়ান ড. দীপশিখা সেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ড. সেহানারা বেগম চৌধুরী । ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বড়খলা মডেল ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান তথা আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন বরাকভ্যালি জোনের কো-অর্ডিনেটর ড. রাজেশ চুতিয়া।
এছাড়াও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য, ড. সন্তোষ বরা, ড. সূর্য্যসেন দেব, ড. রুমা নাথ চৌধুরী, ড. নবনিতা দেবনাথ, ড. স্বর্ণালী রায় চৌধুরী, শবনম সারংশা, অর্চিস্মিতা রায়, কাছাড় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতু দেবনাথ, কাবুগঞ্জ জনতা কলেজের লাইব্রেরিয়ান প্রদীপ সিংহ, সোনাই মাধব চন্দ্র দাস কলেজের লাইব্রেরিয়ান মিহির কান্তি নাথ, পিডিইউএএম এরালিগুল কলেজের লাইব্রেরিয়ান অমিত কুমার দেব প্রমুখ।



