Barak UpdatesHappeningsBreaking News
উধারবন্দের বিস্ফোরণে নিহতদের তিনজন শ্রমিক, একজন লরিচালক

ওয়েটুবরাক, ২৭ জুলাই: রবিবার উধারবন্দ পানগ্রাম এলাকায় রড ও আয়রন বার তৈরির কারখানা ‘কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার’-এ বিস্ফোরণে মৃত্যু ঘটেছে তিন শ্রমিক ও এক যান চালকের। তাঁরা হলেন পানগ্রাম দ্বিতীয় খণ্ডের কিরণ মুণ্ডা, পানগ্রাম প্রথম খণ্ডের আপ্পু বড়াইক, ডুমুরঘাটের শ্যামল গৌড় এবং লরিচালক ত্রিপুরা ধর্মনগরের বাসিন্দা সাগর নাথ।
বিস্ফোরণ ঘটে বেলা ১১টা ৩ মিনিটে। সে সময় কারখানার ভেতর কর্মরত ছিলেন ওই ৩ শ্রমিক । তাঁদের দেহ একেবারে ছিন্নভিন্ন হয়ে গেছে। আহত হয়েছেন বিনোদ বর্মণ নামে আরও একজন।
সাগর নাথ ছিলেন কারখানায় ‘স্লেপ’ বয়ে নিয়ে আসার জন্য ব্যবহৃত লরির চালক। তিনি বসেছিলেন লরির ভেতর। বিস্ফোরণে কোনও ধাতব টুকরো উড়ে গিয়ে তার শরীরে বিঁধে যায়। এতেই মৃত্যু ঘটে তার।
এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকাবহ পরিস্থিতির সঙ্গে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভের। স্থানীয়রা ওই কারখানায় কাজের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কোনও বালাই নেই বলে অভিযোগ এনে তা বন্ধ করার দাবিতে সরব হয়ে উঠেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ইতোমধ্যে কারখানার ম্যানেজার সহ মোট ৪ জন কর্মীকে আটক করেছে।



