Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজ শিলচরের শিক্ষা বিভাগের সম্পাদিত গ্রন্থ প্রকাশিত

ওয়েটুবরাক, ১ জুলাই: উইমেন্স কলেজ শিলচরের শিক্ষা বিভাগের সম্পাদিত গবেষণামূলক সংকলন “Intersections: Exploring the Frontiers of Multidisciplinary Research” (Volume-I) সোমবার কলেজ প্রাঙ্গণের সেমিনার হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডঃ সুজিত তেওয়ারি। গ্রন্থটির উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক তথা সাউথ পয়েন্ট হাই স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষা জয়া দেব। তাঁর সঙ্গে ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডঃ শান্তনু দাস, গ্রন্থের মুখ্য সম্পাদিকা ডঃ অজন্তা দাস, সহ-সম্পাদিকা ডঃ সুদেষ্ণা নাথ এবং কলেজের গ্রন্থাগারিক ও আইকিউএসির কোঅর্ডিনেটর ডঃ সরিতা ভট্টাচার্য।
অনুষ্ঠানে শিক্ষা বিভাগের অধ্যাপিকা নয়নতারা দাস সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক এবং ছাত্রছাত্রীরা সক্রিয় অংশগ্রহণ করে।
উন্মোচক জয়া দেব বলেন, “শিক্ষা মানে শুধু তথ্য আহরণ নয়, বরং মনুষ্যত্ব, চরিত্র গঠন ও আদর্শের বিকাশ। এই ধরনের প্রকাশনা শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে পারে।”
অধ্যক্ষ ডঃ তেওয়ারি তাঁর বক্তব্যে বলেন, “এই গ্রন্থ বহুমাত্রিক ও আন্তঃবিভাগীয় গবেষণার প্রয়াসকে সামনে নিয়ে এসেছে। এটি শুধুমাত্র একাডেমিক অবদান নয়, বরং সামাজিক প্রাসঙ্গিকতাকেও স্পষ্টভাবে তুলে ধরেছে।” তিনি ভবিষ্যতে কলেজের পক্ষ থেকে এমন প্রাসঙ্গিক বিষয়ে আরও গবেষণামূলক প্রকাশনার আশ্বাস দেন।
গ্রন্থটির মুখ্য সম্পাদিকা ডঃ অজন্তা দাস বলেন, “আজকের জ্ঞানভিত্তিক সমাজে গবেষণার সীমানা বিষয়ের গণ্ডি ছাড়িয়ে বহুমাত্রিকতায় প্রসারিত হয়েছে। এই সংকলন সেই ধারাকেই উপস্থাপন করেছে।”
অনুষ্ঠানের শেষ পর্বে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপাধ্যক্ষ ডঃ শান্তনু দাস। তিনি শিক্ষার বিস্তৃত ভূমিকা, গবেষণার তাৎপর্য এবং সমন্বিত চিন্তার উপর আলোকপাত করেন।



