Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজে বিশ্ব ফটোগ্রাফি দিবসের রঙিন উদযাপন

ওয়েটুবরাক, ২০ আগস্ট: মঙ্গলবার উইমেন্স কলেজ শিলচরের গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে আয়োজিত হল বিশ্ব ফটোগ্রাফি দিবস। এই বর্ণময় উদযাপন ছিল ক্যামেরার লেন্সে সময়কে থামিয়ে দেওয়ার যে অনন্য শিল্প, একে আন্তরিক সম্মান প্রদর্শন।
দিনটির প্রধান আকর্ষণ ছিল মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা “আমার প্রিয় ছবি” শিরোনামে, সাব-থিম “তোমার কলেজ জীবনের সেরা মুহূর্ত”। ছাত্রীরা জমা দিল তাঁদের মনের কাছাকাছি মুহূর্তগুলি, যার মধ্যে নির্বাচিত ২০টি সেরা ছবি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার দিব্যেন্দু দাস। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি ফটোগ্রাফিকে শুধুই শিল্প নয়, বরং সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে তুলে ধরেন। তাঁর প্রদর্শিত কাজ মুগ্ধ করে উপস্থিত সকলকে এবং অনুপ্রাণিত করে তরুণ-তরুণীদের নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে।

অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি তাঁর বক্তব্যে ফটোগ্রাফির চিরন্তন তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, “সময় এগিয়ে চলে নিরন্তর, তাকে থামানো যায় না। কিন্তু ফটোগ্রাফি সেই সময়কে চিরদিনের মতো ধরে রাখার একমাত্র উপায়।” উপাধ্যক্ষ ড. শান্তনু দাস ছাত্রীদের উৎসাহিত করেন ফটোগ্রাফিকে শব্দহীন এক ভাষা হিসেবে দেখতে, যা মনের কথা বলে দেয় নিঃশব্দেই।
উল্লেখ্য, কলেজের ভোকেশনাল এডুকেশন এন্ড ইন্ট্রোডাকশন অফ নিউ এডুকেশন সেলের পক্ষ থেকে খুব শিগগিরই ফটোগ্রাফি নিয়ে দক্ষতা বৃদ্ধির দিকে নজর রেখে একটি কোর্স চালু করা হবে বলে এ দিন ঘোষণা করা হয়।
শেষে দিব্যেন্দু দাস নির্বাচিত ছবিগুলোর মূল্যায়ন করেন ও প্রশংসা করেন ছাত্রীদের সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গির।



