Barak UpdatesHappeningsBreaking News

উইমেন্স কলেজের অধ্যক্ষ ড. সুজিত তিওয়ারির পিতৃবিয়োগ, শোকের ছায়া

ওয়েটুবরাক, ৯ ডিসেম্বর: উইমেন্স কলেজ, শিলচরের অধ্যক্ষ ড. সুজিত তিওয়ারির পিতা হরিনারায়ণ তিওয়ারি গত ৬ ডিসেম্বর ভোর ৩টা ৩৬ মিনিটে তাঁদের বড়থল টি এস্টেটের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর প্রয়াণে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হরিনারায়ণ তিওয়ারি দীর্ঘদিন ধরে জয়শ্রী টি ই কোম্পানি, বড়থল ফ্যাক্টরিতে একজন বরিষ্ঠ কর্মী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর সরল স্বভাব, ধর্মীয় বিশ্বাস, সাহসী ব্যক্তিত্ব, কর্তব্যপরায়ণতা এবং শৃঙ্খলাবোধ তাঁকে সমাজের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। বড়থলের হনুমান মন্দিরে তাঁর আজীবন ভক্তি, সেবা ও নিয়মিত উপাসনা আজও স্থানীয় মানুষদের কাছে এক অনুকরণীয় উদাহরণ।

 

গত এক মাস ধরে তিনি আকস্মিক স্নায়বিক সমস্যায় ভুগছিলেন। তাঁর চিকিৎসা শিলচরের সাউথ সিটি হাসপাতাল, গ্রিন হিলস হাসপাতাল এবং কাছাড় ক্যান্সার হসপিটালে চলেছিল। চিকিৎসকদের নিরলস প্রচেষ্টার পরও রোগের সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যোগমুদ্রায় ঈশ্বর স্মরণে নিমগ্ন ছিলেন।

হরিনারায়ণ তিওয়ারি একজন অত্যন্ত সৎ, ধার্মিক, সাহসী, পরিবারের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। সকলের সঙ্গেই তাঁর ব্যবহার ছিল অমায়িক ও অতি নম্র। সমাজকল্যাণমূলক কাজে তিনি বহু সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন—যা আজ এলাকার মানুষের মনে এক অমলিন স্মৃতি হয়ে রয়েছে।

তিনি একটি বৃহৎ ও সুশৃঙ্খল পরিবার রেখে গেছেন।   জ্যেষ্ঠ পুত্র অখিলেশ তিওয়ারি বর্তমানে দেওয়ান টি এস্টেটের পিয়ারসন হাই স্কুলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় পুত্র ড. সুজিত তিওয়ারি এক খ্যাতনামা শিক্ষাবিদ, যিনি বর্তমানে উইমেন্স কলেজ শিলচরের অধ্যক্ষ হিসেবে কর্মরত। তৃতীয় পুত্র জয়প্রকাশ তিওয়ারি জয়শ্রী টি ই কোম্পানিতে কর্মরত থাকার পাশাপাশি একজন সামাজিক কর্মী ও পরোপকারী মানুষ হিসেবে এলাকার মানুষের কাছে বিশেষভাবে পরিচিত। কন্যা নির্মলা উপাধ্যায় সহ নাতি-নাতনিরা তাঁর স্নেহের পরিবার হিসেবে রয়েছেন।

তাঁর প্রয়াণে পরিবার-পরিজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় মানুষের ঢল নামে। এলাকার সাধারণ মানুষ ছাড়াও বহু সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দক্ষিণ আসাম প্রান্তের এর শীর্ষ প্রতিনিধিবৃন্দ, জয়শ্রী টি ই কোম্পানির ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা, অসম বিশ্ববিদ্যালয়, গুরুচরণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা। এছাড়া শোকপ্রকাশ করেছেন—অসমের মন্ত্রী কৌশিক রায়, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা।

তাঁরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং সদ্যপ্রয়াত তিওয়ারির সমাজজীবনে অবদানের কথা স্মরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker