India & World UpdatesHappeningsBreaking News
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধ হতে পারে: জাতিসংঘের তথ্য-অনুসন্ধান মিশন

ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর: ইরানে সামরিক অভিযানের সময় একটি স্কুল ও একটি স্টেডিয়ামে যে হামলা হয়েছিল, তাতে মার্কিন বাহিনী সরাসরি জড়িত ছিল। ইরান বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটি তাদের এক প্রতিবেদনে একথা প্রকাশ করেছে।
জাতিসংঘের তদন্ত কমিটি তাদের অনুসন্ধানের ওপর জোর দিয়ে এসব কর্মকাণ্ডকে স্পষ্ট ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে এবং এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটির নতুন এই প্রতিবেদন জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করা হবে। প্রতিবেদনে ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়েছে।
এর আগে মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন, তাদের সামরিক বাহিনীর অভিযান সশস্ত্র সংঘাতের আইন মেনেই পরিচালিত হয়েছে।
জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারে তাইয়্যেবা প্রাথমিক বিদ্যালয়ে হামলার জন্য মার্কিন বাহিনীকে দায়ী করার যুক্তিসংগত কারণ রয়েছে । ওই হামলায় ১৫০ জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে ১২০ জন শিক্ষার্থী।
তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে সিদ্ধান্ত জানিয়েছে, ওই হামলা ছিল একটি নির্বিচার হামলা, যার ফলে অসামরিক মানুষ নিহত এবং অসামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক আইনের আওতায় এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


