India & World UpdatesHappeningsBreaking News
আপ ছেড়ে বিজেপিতে রাঘব চাড্ডা, সঙ্গী আরও ৬

ওয়েটুবরাক, এপ্রিল ২৫: দেশের রাজনীতিতে বিরাট বদল। ২৪ এপ্রিল আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা এবং দলের দুই তৃতীয়াংশ রাজ্যসভার সাংসদ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। দলত্যাগ বিরোধী আইনের হাত থেকে বাঁচতে তারা আলাদা আবেদন জমা দিয়েছেন। রাঘব ছাড়াও এবার বিজেপির তালিকায় যুক্ত হলেন স্বাতী মালিওয়াল, ক্রিকেটার হরভজন সিং, সন্দীপ পাঠক, অশোক মিত্তাল, রজিন্দার গুপ্ত ও বিক্রম সাহিনী। রাঘবের দাবি, আপ এখন আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়ছে। সেই কারণেই এই পদক্ষেপ।
রাজ্যসভায় আম আদমি পার্টির মোট ১০ জন সাংসদ ছিলেন। তাঁদের মধ্যে ৭ জন চলে যাওয়ার কারণে দলত্যাগ বিরোধী আইনের হাত থেকে বাঁচতে তাঁরা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজেদের আলাদা গোষ্ঠী হিসেবে সংযুক্তির আবেদন জমা দিয়েছেন।
দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রাঘব চাড্ডা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে, “আমি গত ১৫ বছর ধরেই আম আদমি পার্টির জন্য রক্ত ঘাম ঝরিয়েছি। আর তারা এখন নিজেদের আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে। আমি এতদিন ভুল দলে সঠিক লোক ছিলাম।” এবার আমি মানুষের কাছাকাছি যাওয়ার জন্য বিজেপিতে যোগদান করছি। তিনি অভিযোগ করেছেন, আপ দল এখন দুর্নীতির বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত।

দল ভাঙানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আপ নেতা সঞ্জয় সিং। সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন যে, এটি বিজেপির অপারেশন লোটাসের ফল। তিনি বলেছেন, “ইডি এবং সিবিআইকে ভয় দেখিয়ে আমাদের সাংসদদেরকে কেনা হয়েছে। পাঞ্জাবে ভগবন্ত মান সরকারের ভালো কাজে বাধা দেওয়ার জন্যই এই নোংরা রাজনীতি করা হচ্ছে। পাঞ্জাবের মানুষ এই বিশ্বাসঘাতকতা কোনওদিন ভুলবে না।”


