Barak UpdatesHappeningsBreaking News
আজ পুলিশ প্যারেড ময়দানে ড. ভূপেন হাজারিকার মৃত্যবার্ষিকীতে মহাসাংস্কৃতিক শ্রদ্ধাঞ্জলি

ওয়েটুবরাক, নভেম্বর ৫:--আজ ৫ নভেম্বর বিকেল ৩টায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে প্রতিধ্বনিত হবে ৫ হাজার কণ্ঠের এক অনন্য সুর “মানুষ মানুষের জন্য”। মহান সঙ্গীতগুরু, ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এই ঐতিহাসিক সাংস্কৃতিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। মানুষের ঐক্য, প্রেম, মানবতা ও সামাজিক সম্প্রীতির বার্তা বহন করবে এই মিলনোৎসব, যেখানে যোগ দেবেন জেলার নানা স্তরের মানুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এনসিসি, এনএসএস, এএসএলআরএম দল, চা-বাগান শ্রমিক, সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ নাগরিক সকলেই।
অতিরিক্ত জেলা আয়ুক্ত (সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ) ফিলিস হ্রাংছাল বলেন, “ড. ভূপেন হাজারিকার সংগীত আমাদের সমাজকে মানুষে মানুষে বন্ধনের বার্তা দেয়। তাঁর সৃষ্টি চিরকাল আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।”
অনুষ্ঠানটি শুরু হবে আজ বিকেল ৩টায় জেলা আয়ুক্ত, বিশিষ্ট অতিথি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পুষ্পার্পণ দিয়ে। এর পরেই মঞ্চে উঠবে ৫ হাজার অংশগ্রহণকারী, একসঙ্গে পরিবেশন করবেন “মানুষ মানুষের জন্য” গানটি। পাশাপাশি পরিবেশিত হবে ১৭ মিনিটের এক ‘গ্র্যান্ড কোরাস মেডলি’, যা প্রথমবার শোনা গিয়েছিল গৌহাটির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে।
উল্লেখ্য, শিলচরের পাশাপাশি লক্ষিপুর সমজেলাতে একই সময়ে আয়োজিত হবে সমান্তরাল অনুষ্ঠান, যেখানে অংশ নেবে আরও ৫০০ জন শিল্পী। গতকাল ৪ নভেম্বর শিলচর পুলিশ প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় গানের মহড়া। প্রশাসনের উদ্যোগে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে দেওয়া হবে ডিজিটাল স্বাক্ষরিত অংশগ্রহণের শংসা পত্র, পরে জেলা আয়ুক্তের কার্যালয়ের অনলাইন পোর্টালের মাধ্যমে শংসাপত্রগুলি পাওয়া যাবে, এই উদ্যোগ প্রশাসনের একটি অভিনব ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানের নির্বিঘ্ন আয়োজনের জন্য ইতিমধ্যেই বিভিন্ন বিভাগকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক বিদ্যালয়গুলির সমন্বয়ের দায়িত্বে থাকবেন; শিক্ষার্থীদের নির্দিষ্ট পোশাকে (ছেলেদের সাদা শার্ট, মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক) উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভাগ প্রস্তুত করছে কঠোর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা। স্বাস্থ্য বিভাগ রাখবে অ্যাম্বুল্যান্স ও চিকিৎসা সহায়তা, আর তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় দেখবে সংবাদ প্রচার ও প্রচারমূলক কাজ। খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক বিভাগ অংশগ্রহণকারীদের জন্য সরবরাহ করবে রিফ্রেশমেন্ট প্যাকেট।
রাজ্য সরকারের এসওপি অনুযায়ী জেলা আয়ুক্ত থাকবেন এই অনুষ্ঠান আয়োজনের মূল সমন্বয়কারী। স্থানীয় শিল্পী ও বিশেষজ্ঞ কমিটির সদস্যরা পরিবেশন করবেন ড. হাজারিকার বিখ্যাত গানগুলো। অনুষ্ঠানের সমাপ্তি হবে এক মানববন্ধন গঠন ও “মানুষ মানুষের জন্য” গানটির সম্মিলিত পরিবেশনার মাধ্যমে। উপস্থিত সকলকে সাদা পোশাকে আসতে অনুরোধ করা হয়েছে শান্তি, পবিত্রতা ও সম্প্রীতির প্রতীক হিসেবে।
এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করবেন, অসম সরকারের খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক, খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়।
জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, “ড. ভূপেন হাজারিকার গান আমাদের সমাজকে এক সুরে বেঁধে দেয়। তাঁর সংগীত আজও সীমান্ত ও বিভাজনের ঊর্ধ্বে থেকে আমাদের মানুষ হওয়ার শিক্ষা দেয়। এই অনুষ্ঠান কেবল তাঁকে শ্রদ্ধা জানানো নয়, বরং তাঁর মানবিক মূল্যবোধ, ঐক্য ও সংস্কৃতির প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।”
বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।



