NE UpdatesHappeningsBreaking News
আইরংমারায় লায়ন্স-লিওর স্বাস্থ্য শিবিরে ৩২৭ রোগী!

ওয়েটুবরাক, ৪ নভেম্বর: লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার এবং লিও ক্লাব অব শিলচর গ্রেটার-এর যৌথ উদ্যোগে রবীন্দ্র পাঠাগারের সহযোগিতায় আইরংমারায় রবীন্দ্র পাঠাগারে গত ২ নভেম্বর এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই শিবিরে তিনজন অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। তারা হলেন ডা. ওয়াই. এন. সিনহা, ডা. গৌতম সিনহা এবং ডা. বি. বি. ঠাকুরিয়া ।
ক্লাব সূত্রে জানা যায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মোট ৩২৭ জন রোগী বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা করিয়ে উপস্থিত ডাক্তারদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন। শিবিরে এইচবিএ১সি, ফাইব্রোস্ক্যান, র্যান্ডম ব্লাড সুগার, থাইরয়েড এবং লিপিড প্রোফাইল সহ নানা ধরণের ক্লিনিক্যাল পরীক্ষা বিনামূল্যে সম্পন্ন করা হয়। এর সঙ্গে সেদিনের শিবিরে রোগীদের প্রয়োজনীয় ঔষধ পত্রও ক্লাব কর্তৃপক্ষ বিনামূল্যে রোগীদের হাতে তুলে দেন। লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব অফ অব শিলচর গ্রেটার-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের লক্ষ্যে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে।
শিবিরে লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনুপ দত্ত, ঝুমুর দত্ত, লাকী দাস, দেবরাজ ধর, অজিত কুমার দেব, প্রীতম গোস্বামী এবং লিও ক্লাব অফ শিলচর গ্রেটারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অমররাজ আচার্য, দেবপ্রিয় সেনগুপ্ত, পুষ্পিতা দাস ও রাজ কংস বণিক।



