Barak UpdatesIndia & World UpdatesBreaking News
মুম্বাই শ্রীহট্ট সম্মিলনীর শ্রীপদ ভট্টাচার্য প্রয়াতSripadh Bhattacharjee of Mumbai Srihatta Sammelan passes away

২৯ নভেম্বর : শ্রীহট্ট সম্মিলনী মুম্বাই শাখার সহ-সভাপতি শ্রীপদ ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি মুম্বাইয়ের মীরা রোডের বাড়িতে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ বহু আত্মীয় ও গুণমুগ্ধকে রেখে গেছেন।
গত ১০ নভেম্বর তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। এরপর থেকেই মুম্বাইয়ের একটি নার্সিংহোমের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু চিকিৎসায় কোনও সাড়া না দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। শ্রীপদ ভট্টাচার্য মূলত ছিলেন শিলচর চিত্তরঞ্জন এভিনিউ উদয়াচল লেনের বাসিন্দা। তিনি জীবন বিমা নিগমের উচ্চপদে চাকরি করতেন।
শিলচর থেকে মুম্বাই চলে গেলেও এ অঞ্চলের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অটুট। এ অঞ্চল থেকে মুম্বাই যাওয়া ক্যান্সার রোগীদের থাকার ব্যবস্থা করার জন্য একটি গেস্টহাউস নির্মাণ করতে তিনি বিশেষভাবে চেষ্টা করে গিয়েছিলে এজন্য অর্থ সংগ্রহ করতে তিনি কয়েকবার শিলচরও আসেন। বর্তমানে এ অঞ্চলের রোগীদের মুম্বাইয়ে থাকার জন্য ছোটখাটো একটি ব্যবস্থা করা হয়েছে। শ্রীপদ ভট্টাচার্য মুম্বাইয়ের শ্রীহট্ট সম্মিলনীর প্রতিষ্ঠালগ্ন থেকেই এর সঙ্গে জড়িত ছিলেন। সবার সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য তিনিও সবার প্রিয়পাত্র ছিলেন। তাঁর মৃত্যুতে সম্মিলনীর বিভিন্ন শাখার সদস্য ও পদাধিকারীরা শোক ব্যক্ত করেছেন।



