Barak UpdatesHappeningsBreaking News

শিলচর সার্কিট হাউসে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের কার্যালয় উদ্বোধন

বরাকের সার্বিক উন্নয়নই সরকারের শীর্ষ অগ্রাধিকার : মন্ত্রী কৌশিক

ওয়ে টু বরাক, ১ জুলাই :  বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন কেবল একটি দৃষ্টিভঙ্গি নয়, বরং এটি অসম সরকারের এক অটল অঙ্গীকার। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে পরিচালিত সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নে সদা সচেষ্ট। মঙ্গলবার শিলচরে কাছাড় জেলা প্রশাসনের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে এ মন্তব্য করেন খাদ্য, গণবন্টন, উপভোক্তা বিষয়ক ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রাই।

কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার নির্বাচিত জনপ্রতিনিধি ও শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে মন্ত্রী রাই বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সময়ানুগ পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

তিনি বলেন, ২০২৫–২৬ অর্থবছরে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দ অর্থ মূলত মুখ্যমন্ত্রীর আন্তরিক অঙ্গীকারেরই প্রতিফলন। এই আর্থিক সংস্থান যেন বাস্তব ফলাফলে পরিণত হয়, তার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী রাই বলেন, বরাক উপত্যকায় ব্যাপক সম্ভাবনা রয়েছে একে একটি সক্রিয় বিকাশ করিডোর হিসেবে গড়ে তোলার এবং এই লক্ষ্যপূরণে পরিকাঠামো নির্মাণ, কল্যাণমূলক উদ্যোগ এবং দীর্ঘমেয়াদী জীবিকাভিত্তিক কর্মসূচির মাধ্যমে সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলির রূপায়ণের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করার কথা বলেন এবং সকল বিভাগগুলিকে একটি মিশন মোডে কাজ করার অনুরোধ জানান যাতে চলতি প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়। মন্ত্রী বিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করে প্রকল্প বাস্তবায়নে নজরদারি রাখার নির্দেশ দেন এবং প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে তিন জেলার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অধীনে চলতি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা হয়। প্রকল্প বাস্তবায়নে সমস্যা, অর্থ ব্যবহারের স্বচ্ছতা, আন্তঃসংস্থার সমন্বয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী রাই বলেন, কোন প্রকল্প যেন প্রক্রিয়াগত কারণে বিলম্বিত না হয় এবং প্রতিটি জনকল্যাণমূলক কাজ যেন সহানুভূতি এবং দক্ষতার সঙ্গে বাস্তবায়িত হয়।
মন্ত্রী রাই আরও জানান, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগকে শুধুমাত্র প্রশাসনিক ইউনিট না হয়ে এক সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের চালিকা শক্তি হিসেবে কাজ করতে হবে।

এই বৈঠকে রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, বিধায়ক মিহির কান্তি সোম, দীপায়ন চক্রবর্তী, নীহার রঞ্জন দাস, বিজয় মালাকার, কমলাক্ষ দে পুরকায়স্থ, সিদ্দেক আহমেদ লস্কর, খলিল উদ্দিন মজুমদার এবং সুজাম উদ্দিন লস্কর উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান, অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার লস্কর, শ্রীভূমি ও হাইলাকান্দির জেলাশাসক এবং বিভিন্ন উন্নয়নমূলক বিভাগের পদস্থ আধিকারিকরা।

বৈঠকের পর বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয় শিলচরের ঐতিহাসিক পুরাতন সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রাই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কণাদ পুরকায়স্থ, কয়েকজন বিধায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তারা।

এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রাই বলেন, এই অস্থায়ী কার্যালয় আগামী ছয় মাসের জন্য বর্তমান স্থানে কার্যকর থাকবে এবং জানুয়ারি ২০২৬ থেকে শ্রীকোণা সচিবালয় ভবনে স্থায়ীভাবে স্থানান্তরিত হবে। তিনি বলেন, এই উদ্বোধন কেবল একটি বিভাগের কার্যালয় খোলা নয়, বরং এটি বরাক উপত্যকার মানুষের জীবনে উন্নয়নমুখী পরিবর্তন আনার এক সংকল্পবদ্ধ অভিযানের সূচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker