Barak UpdatesAnalyticsBreaking News
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক নিরঞ্জন রায়

ওয়ে টু বরাক, ১৪ জুলাই : শিলচরের গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পথে আরও এক ধাপ এগোল। এ বার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নাম ঘোষণা করা হলো অর্থনীতির অধ্যাপক নিরঞ্জন রায়কে। সোমবার এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু।
ইতিমধ্যে যে কয়টি কলেজকে রাজ্য বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে, সেগুলোরও উপাচার্যের নাম এক্স হ্যান্ডেলে জানিয়েছেন পেগু। সে অনুযায়ী, নগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন ড. হীতেশ ডেকা, জগন্নাথ বারহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক জ্যোতিপ্রসাদ শইকিয়া, শিবসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মহাদেব পাটগিরি, নর্থ লখিমপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুকুল বরা, বঙাইগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তরণী চন্দ্র ডেকা এবং কোকরাঝাড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গণেশ চন্দ্র ওয়ারি।



