Barak UpdatesAnalyticsBreaking News

মূল্যবৃদ্ধি রোধ ও কৃত্রিম বন্যা মোকাবিলাই প্রথম পদক্ষেপ, বার্তা মন্ত্রী কৌশিকের

গুয়াহাটি, ৯ জুন : নতুন দায়িত্ব গ্রহণ করেই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী কৌশিক রাই। পাশাপাশি নগরাঞ্চলে কৃত্রিম বন্যার সমস্যা সমাধানে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। এছাড়া আগামী জুলাই মাসে নতুন বাজেট পেশের পর পুনরায় রেশন কার্ডধারীদের সামগ্রী বিতরণ শুরু হবে বলেও ঘোষণা করেন মন্ত্রী।

সোমবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সম্প্রসারিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টন করেন। সেই অনুযায়ী মন্ত্রী কৌশিক রাইকে খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক দফতর, গৃহ ও নগর বিষয়ক দফতর এবং সমবায় বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে পূর্ববর্তী সরকারের মেয়াদকালে তিনি কয়েক মাসের জন্য খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক দফতরের দায়িত্ব সামলেছিলেন। এবারও তাঁকে গুরুত্বপূর্ণ এই দফতরের পাশাপাশি গৃহ ও নগর বিষয়ক বিভাগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার মন্ত্রী বলেন, “আমি আগেরবার ১৫ মাস মন্ত্রী থাকাকালীন প্রতিটি জেলায় গিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে টাস্ক ফোর্স গঠন করেছিলাম। অতিরিক্ত জেলা কমিশনারদের নেতৃত্বে প্রতিটি জেলায় বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। তাদের প্রতিদিন সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে তা দ্রুত শনাক্ত করা যায়। সেই সময় টাস্ক ফোর্সের কার্যকর ভূমিকার কারণে মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল।”

তিনি আরও বলেন, “বর্তমানে মূল্যবৃদ্ধি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দাম বাড়লে সাধারণ মানুষেরই সবচেয়ে বেশি ভোগান্তি হয়। আন্তর্জাতিক পরিস্থিতি ও চলমান যুদ্ধেরও কিছু প্রভাব রয়েছে। আগামীকাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসব। কীভাবে গোটা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করা যায়, তা নিয়ে আলোচনা হবে। আমরা দোকানদার থেকে শুরু করে প্রতিটি স্তরে নজরদারির জন্য ভিজিল্যান্স মনিটরিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছিলাম, যাতে গণবণ্টন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা এবং বিতরণ ব্যবস্থা স্বচ্ছ ও কার্যকর রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব।”

নগরোন্নয়ন বিভাগের দায়িত্ব পাওয়ার পর কৃত্রিম বন্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত বিভাগের কাজকর্ম সম্পর্কে পুরোপুরি ধারণা নেওয়ার সুযোগ পাইনি। তবে আমি মনে করি, কৃত্রিম বন্যার সমস্যা সমাধানে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই সমস্যা দূর করার জন্য। আমার বিশ্বাস, সাধারণ মানুষও সহযোগিতা করবেন। কারণ কৃত্রিম বন্যার ফলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় জনগণকেই। বাড়িতে জল ঢুকে পড়লে মানুষের অসহনীয় কষ্ট হয়। আমি আশ্বাস দিচ্ছি, আমার পক্ষ থেকে যা যা করা প্রয়োজন, সবই করা হবে। পাশাপাশি জনগণের সহযোগিতাও চাইব।’ রেশন কার্ডধারীদের জন্য সামগ্রী বিতরণ সম্পর্কে মন্ত্রী জানান, ‘জুলাই মাসে নতুন বাজেট পেশ করা হবে। বাজেট পাস হওয়ার পরই পুনরায় রেশন কার্ডের সামগ্রী বিতরণ শুরু করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker