Barak UpdatesAnalytics
উপত্যকা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় শিলচর যোগ নিকেতনের সাফল্য
চ্যাম্পিয়ন রাউন্ডে ২য় রানার্স আপ অত্তোত্তমা নাথ

ওয়ে টু বরাক, ২৬ ডিসেম্বর : যোগাসন ট্রেনিং সেন্টার শ্রীভূমির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে ২১ ডিসেম্বর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে বরাক উপত্যকা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এতে শিলচরের যোগ শিক্ষা প্রতিষ্ঠান ‘শিলচর যোগ নিকেতন’ এর একটি দল অংশগ্রহণ করে সাফল্য লাভ করে। ৮ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে বিজয়ী হয়।
৬ বছর অনুর্ধ্ব ছেলেদের বিভাগে ২য় স্থায় লাভ করে পৃথ্বিরাজ পাল। ৬ থেকে ৯ বছর মেয়েদের বিভাগে নবম স্থান পায় নন্দনা মজুমদার। ৯ থেকে ১২ বছর মেয়েদের বিভাগে ১৩তম স্থান পায় ঐত্রিকা দাস। ১২ থেকে ১৫ বছর মেয়েদের বিভাগে প্রথম হয় অত্তোত্তমা নাথ। ১৫ থেকে ২০ বছর মেয়েদের বিভাগে তৃতীয় স্থান লাভ করে শাম্ভবী নাথ এবং সপ্তম স্থান পায় মধুমিতা রায়। ৯ থেকে ১২ বছর ছেলেদের বিভাগে সপ্তম স্থান লাভ করে মির্জান উদ্দিন লস্কর। ২০ বছর উর্ধ্ব মেয়েদের বিভাগে প্রথম স্থান লাভ করে সপ্তশ্রী নাগ। দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক বিভাগের প্রথম স্থানাধিকারীদের নিয়ে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় রানার্স আপ দখল করে অত্তোত্তমা নাথ।
শিলচর যোগ নিকেতনের এই দলটির প্রশিক্ষক ছিলেন পিংকু রঞ্জন পাল ও সঞ্জু নাথ। সাথে ছিলেন যোগ নিকেতনের সভাপতি শেখর পাল চৌধুরী ও সহ-সভাপতি সুজয় নাথ। যোগ প্রশিক্ষক পিংকু রঞ্জন পাল জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের এই প্রথম এত বড় বড় ট্রফি সহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়, যা উপত্যকার ‘যোগ স্পোর্টস’ এর মানকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। যোগাসন ট্রেনিং সেন্টারের কর্ণধার তথা যোগ প্রশিক্ষক সঞ্জীব দাসের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতার বিচারকার্য থেকে শুরু করে প্রতিটি অনুষ্ঠান ছিল আধুনিক এবং উন্নতমানের।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসাম যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ গোস্বামী, গুয়াহাটির ইন্ডিয়ান যোগ কালচার অ্যান্ড যোগ থেরাপি সেন্টারের প্রতিষ্ঠাতা যোগাচার্য শুভাশিস কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিলচর যোগ নিকেতনের ছাত্রছাত্রীরা বিগত দিনেও রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপত্যকা ও রাজ্যের নাম উজ্জ্বল করেছে।



