Barak UpdatesBreaking News
কাছাড় জেলা পরিষদে কৌশিকের ভাই সভাপতি, লাভলি উপ-সভাপতিKaushik’s brother becomes President of Cachar Zilla Parishad, Vice-President Lovely

১৩ ফেব্রুয়ারিঃ কাছাড় জেলা পরিষদে নতুন সভাপতি মনোনীত হয়েছেন অমিতাভ রাই। তিনি জেলা বিজেপির সভাপতি কৌশিক রাইয়ের অনুজ। উপ-সভাপতি কাটিগড়া থেকে বিজয়ী লাভলি চক্রবর্তী। তিনি আরেক বরিষ্ঠ বিজেপি নেতা সুব্রত চক্রবর্তীর স্ত্রী।
এই জেলা পরিষদ গঠনে বিজেপি বড় ব্যবধানে এগিয়েছিল। ২৭ আসনের মধ্যে ১৬টি জেতে গেরুয়াবাহিনী। ফলে কোন দল বোর্ড গড়বে, এমন কোনও প্রশ্নই ছিল না। তবু সকলের নজর ছিল সে দিকে। এর কারণ দিলীপ গোষ্ঠী না কৌশিক শিবির এ বার জয় তুলে নেয়। নাকি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য গোষ্ঠী-নিরপেক্ষতার কথা বলে নিজের প্রার্থীকে সভাপতির চেয়ারে বসিয়ে দেন। সে সব বহু সমীকরণের কথা জেনে সাধারণ মানুষেরও আগ্রহ বাড়ছিল। শেষপর্যন্ত কৌশিক শিবিরই জিতে গেল।
আলগাপুর আসনের জেলা পরিষদ সদস্য অমিতাভ রাই সভাপতি হচ্ছেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কাছাড়ের জেলা পরিষদ গঠন করা হবে। প্রথমে বিজয়ী সদস্যরা শপথ গ্রহণ করবেন। পরে হবে সভাপতি-উপসভাপতি নির্বাচন। বিজেপি বুধবারই এই কাজটি সেরে রেখেছে। ফলে বৈঠকে আনুষ্ঠানিকতাটুকুই পালিত হবে।

কৌশিক রাই তাঁর ছোট ভাইয়ের জন্য জেলা পরিষদের সভাপতি পদটি বাগিয়ে নিতে সক্ষম হওয়ায় দিলীপ পাল শিবিরের বড় হার হল। তিনি রামকৃষ্ণ সিনহার জন্য উঠেপড়ে লেগেছিলেন। লোকসভা নির্বাচনের আগে এই ব্যর্থতা গোষ্ঠী রাজনীতিতেও দিলীপবাবুকে পেছনে ঠেলে দিল।




