Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় কলেজে আন্তর্জাতিক আলোচনাচক্র ৬ থেকে ৮ নভেম্বর, চলছে চূড়ান্ত প্রস্তুতি

ওয়েটুবরাক, ৪ নভেম্বর: আগামী ৬ থেকে ৮ নভেম্বর তিনদিনব্যাপী আন্তর্জাতিক আলোচনাচক্র অনুষ্ঠিত হতে চলেছে কাছাড় কলেজে। কলেজের অভ্যন্তরীণ মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ট্রান্স ডিসিপ্লিনারি এপ্রোচেস ইন কনটেম্পোরারি সায়েন্টিফিক রিসার্চ’ শিরোনামে এই আলোচনাসভার জন্য এই মুহূর্তে চলছে শেষ তুলির টান।

আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন বিষয়ের জ্ঞান একত্রিত করে সমসাময়িক বৈজ্ঞানিক গবেষণায় নতুন অভিমুখ অন্বেষণ করা এই আলোচনাচক্রের মূল উদ্দেশ্য, যাতে সমন্বিত জ্ঞানের প্রয়োগে ভবিষ্যতের প্রাতিষ্ঠানিক ও ফলিত বৈজ্ঞানিক গবেষণাকে সমৃদ্ধ করা যায়।

  ৬ নভেম্বর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ও মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক স্বপন কুমার দত্ত। এছাড়া উপস্থিত থাকবেন ‘কাছাড় ক্যানসার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার’, শিলচর-এর ডাইরেক্টর পদ্মশ্রী ড. রবি কান্নান। আন্তর্জালিক মাধ্যমে অংশগ্রহণ করবেন ‘ভার্চুয়াল ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোপার্টিকেল ফিজিক্স’, প্যারিস, ফ্রান্স-এর ডাইরেক্টর প্রফেসর ম্যাক্সিম খলোপভ। ৭ ও ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ব্যবহারিক অধিবেশন।

  বর্তমানে বিজ্ঞানের দ্রুত প্রগতির যুগেও নানান বৈশ্বিক সংকট ঘনীভূত হয়েছে। আবহাওয়ার পরিবর্তন, জনস্বাস্থ্য সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তার অধিক ব্যবহার, সামাজিক অসাম্য প্রভৃতি ভৌগোলিক ও আর্থ-সামাজিক পটভূমিতে জ্ঞান-বিজ্ঞান চর্চায় নির্দিষ্ট প্রথাগত বিষয়ের সীমাবদ্ধতার ধারণাটি শিথিল হয়ে পড়ছে। তাই বর্তমান যুগের বাস্তব সমস্যা সমাধান করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের জ্ঞানের সমন্বয়ে বিজ্ঞান চর্চা বা বৈজ্ঞানিক গবেষণার অভিমুখ পরিবর্তন ও রূপান্তর সাধন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আয়োজকরা।

তাঁরা জানান,  এই আলোচনাসভায় দেশ-বিদেশের ছাত্র, গবেষক অধ্যাপক, শিল্পপতি, নীতিপ্রণেতা, চিকিৎসক, বৈজ্ঞানিক, সমাজসেবী ও শিক্ষাবিদগণ উপস্থিত থাকবেন। সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করবেন বিশিষ্ট অধ্যাপক ও গবেষকবৃন্দ। এই সুচিন্তিত গবেষণাপত্রগুলি গ্রন্থ আকারে প্রকাশিত করার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গ্রন্থটি উন্মোচন করে আলোচনাসভায় বক্তাদের হাতে তুলে দেওয়া হবে। দূরবর্তী গবেষক, অধ্যাপকগণ অনলাইনে গবেষণাপত্র উপস্থাপন করতে পারবেন। ভারতের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে আগত অতিথিদের এই সম্মেলনে বিভিন্ন মূল্যবান মতাদর্শ উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker