Barak UpdatesHappeningsBreaking News
কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে বরাক বঙ্গের শোক

ওয়েটুবরাক, ৮ জানুয়ারি: কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন । সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত বলেছেন, বাঙালির বিপন্নতায় কবীন্দ্রবাবু ছিলেন বরাবরই উদ্বিগ্ন । নাগরিকত্বের সমস্যা নিরসনে তিনি অবিরত প্রয়াস চালিয়েছেন। উপত্যকার আত্মপরিচয় রক্ষার সংগ্রামেও তাঁর ভূমিকা ছিল প্রেরণাদায়ক। এভাবেই তিনি ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছিলেন। সম্মেলনের বিভিন্ন উদ্যমে তিনি পৃষ্ঠপোষকতা করে গেছেন।
আজ বৃহস্পতিবার ছিল সম্মেলনের ৫০-তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে তিন জেলাতেই বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। কিন্তু সম্মেলনের অন্যতম বিশিষ্ট পৃষ্ঠপোষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শুধু পতাকা উত্তোলন ও সাংগঠনিক স্মৃতিচারণ কার্যক্রমের মধ্যেই দিনের অনুষ্ঠান সীমিত রাখা হয়।
শিলচর বঙ্গভবনের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর ও প্রাক্তন কেন্দ্রীয় সহ-সভাপতি বিভাস রঞ্জন চৌধুরী। পরে সাংগঠনিক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন গৌতম প্রসাদ দত্ত, বিভাস রঞ্জন চৌধুরী, অভিজিৎ ধর, লুৎফা আরা চৌধুরী, দীপক সেনগুপ্ত, সুশান্ত সেন, প্রবীর কুমার দাস, পরিতোষ দত্ত, মিলন উদ্দিন লস্কর, পরিতোষ দে, সঞ্জীব দেব লস্কর, বাপী রায়, শিপ্রা দে, অমূল্য কুমার পাল সহ প্রমুখ।



