Barak UpdatesHappeningsBreaking News

শিলচরের রাজদীপের ছবি ‘এ টিচার্স গিফট’ গেল ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে

ওয়েটুবরাক, ১৪ অক্টোবর: নিজের প্রতিভার ওপর ভরসা রেখে সাহসে বুক বেঁধে পাড়ি দিয়েছিলেন বরাক থেকে টেমস। কঠোর পরিশ্রম আর নিষ্ঠার জোরে এবার ফলছে ফসল। বেশ কয়েকটি ব্রিটিশ এবং বলিউডের ফিল্মে করেছেন কাজ। অভিনয় পাগল শিলচরের সেই ছেলে রাজদীপের অভিনীত ছবি ‘এ টিচার্স গিফট’ এবার বিশ্বের অন্যতম সেরা ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে স্থান করে নিল। আগামী ২ নভেম্বর আমেরিকার লিসবনে হবে তার প্রিমিয়ার। ছবিটিতে রাজদীপ রয়েছেন প্রধান ভূমিকায়। স্বাভাবিকভাবেই বিশ্বমঞ্চে তার এই স্বীকৃতি লাভ পরিচিত মহলে খুশির আবহ তৈরি করেছে।

চলচ্চিত্র জগতে বিশেষ করে ব্রিটিশ ফিল্মে আজ শিলচরের রাজদীপ চৌধুরী একটা পরিচিত নাম হলেও এর নেপথ্যের যাত্রাপথ খুব একটা মসৃণ ছিল না। রয়েছে অভীষ্ট লক্ষ্যে পৌঁছার এক দুর্ধর্ষ লড়াইয়ের ইতিহাস। প্রথম শিলচর হোলিক্রস স্কুলের ছোট নাটকের মঞ্চ শিশু রাজদীপের ভিতরে অভিনেতা হবার স্বপ্নের বীজ পুঁতে দিয়েছিল । সেটাই পরে রূপ নিল মহিরুহের। স্বপ্ন, ভালোবাসা, নেশা, পেশা একাকার হয়ে গেল । মেধাবী ছাত্র রাজদীপ কেরিয়ারের পাকচক্রে লন্ডন পৌঁছলেন। অভিজাত হ্যারোডস কোম্পানিতে পেলেন চাকরি। প্রখ্যাত ব্রিটিশ সাংসদ এরিক অলরেনশোর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে ব্রিটিশ রাজনৈতিক অলিন্দে পরিচিতি বাড়লো। নাম করলেন ক্রিকেটার হিসেবেও। কিন্তু শেক্সপিয়ারের দেশে সহায়ক পরিবেশ পেয়ে তার অভিনয়ের ইচ্ছাটা আকার বৃদ্ধি করতে লাগলো। বেশ কিছু স্বল্পকালীন অভিনয় কোর্স করে নিজেকে উপযোগী করে তুলেন রাজদীপ। এরপর প্রথমে কিছু ইংরেজি নাটকে অভিনয় করলেন এবং পা রাখলেন চলচ্চিত্র জগতে। ২০২১ সালে ডিজনি হটস্টারে মুক্তি পেলো তার অভিনীত ছবি ‘জ্যাকপট’। বেশ সাড়া পড়ল। তার পরিশ্রম, নিষ্ঠা জায়গা করে দিল বলিউডেও। বহু বড় বড় তারকার সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেন। ইংরেজি ও হিন্দি চলচ্চিত্র জগতে তার একে একে মুক্তি পেল ‘জ্যাক অ্যান্ড দিল’, ‘ডেঞ্জারাস’, ‘মিস্টার মামি’, ‘লন্ডন পন্ডিত’, এবং ‘আইরাহ’র মত ছবি। ডিজিটাল প্ল্যাটফর্মে এগুলো যথেষ্ট চর্চার খোরাক যোগায় এবং রাজদীপের অভিনয় সব মহলেই প্রশংসা কুড়িয়েছে ।

এবার তার ছবি ‘এ টিচার্স গিফট’ অভিনেতা হিসেবে তাকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে । অভিজাত ট্রিবেকা ফিল্ম ফেস্টিভেলে এই ছবিটি প্রদর্শনের জন্য স্থান করে নিয়েছে যা একটা বিরাট মর্যাদার ব্যাপার। ২ নভেম্বর হবে তার এই ছবির প্রিমিয়ার। শিক্ষার রূপান্তরকামী ক্ষমতাকে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে ছবি ‘এ টিচার্স গিফট’। ছবিটির প্রধান চরিত্রে রোহন নামের লন্ডনের এক হিন্দি শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন রাজদীপ। গ্রাম্য কিশোর কিভাবে সংগ্রাম, কষ্টার্জিত শিক্ষার ভিতে নিজের জীবন গড়ে তুলে- গল্পের মূল আধার সেটি। জ্ঞান এক আশীর্বাদ আর শিক্ষকরা জীবনে আসেন অলৌকিক নিয়তি হয়ে- ছবিতে এটাই রোহনের জীবন দর্শন। ঘাত- সংঘাত, উত্তরণের ঠাস বুনোটে তৈরি ছবি। নিজেকে পুরোটাই ঢেলে দিয়েছেন রাজদীপ। তিনি এই ছবির আবার সহলেখকও। ছবির পরিচালক আরতুর এবং প্রযোজক এরিক অলরেনশো। এই ছবিতে রাজদীপের সহ শিল্পী হিসেবে অভিনয় করেছেন অভিনেতা অ্যান্থনি কাফ, নিউটন খ্যাত অঞ্জলি পাতিল, লিটিল থিংসের ধ্রুব সেহগল, আরআর খ্যাত বরুণ বুদ্ধদেব সহ পর্তুগালের জনপ্রিয় অভিনেতা ভার্জিলীয় ক্যাসেলো, পলা লোবো অ্যানটুনস, অনিতা বুথের মতো অভিনেতা অভিনেত্রীরা। ছবিটি নিয়ে বিশেষভাবে আশাবাদী রাজদীপ। এই সাফল্য তাকে তৃপ্তি দিয়েছে ঠিকই তবে আরও দীর্ঘ পথ পাড়ি দেবার অভিপ্রায় নিয়েই এগিয়ে যেতে চান বলে একান্ত কথোপকথনে জানিয়েছেন রাজদীপ।

উল্লেখ্য ‘এ টিচার্স গিফট’ ছবিটি সম্প্রতি মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম প্রদর্শিত হয়েছে এবং যুক্তরাজ্যের এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ২০২৫- এ ‘ফ্লেম অ্যাওয়ার্ড ফর ব্রিদিং কালচার্স’ অর্জন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker