Barak UpdatesHappeningsBreaking News
রাধামাধব কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে সেবা সপ্তাহ উদযাপন

ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বরঃ শনিবার শিলচর রাধামাধব কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয় ‘সেবা হি সমর্পণ: সেবা সপ্তাহ’। রাজ্য সরকারের উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের নির্দেশে এই অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে রাধামাধব কলেজ এনএসএস ইউনিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিবস উপলক্ষে ‘সেবা হি সমর্পণ: সেবা সপ্তাহ কর্মসূচি’ ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী উদযাপন হচ্ছে ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রাকৃতিক সম্পদ আমাদের রক্ষা করে চলতে হবে। মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন, জীবনদায়ী ঔষধ ও প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ভিদ থেকে পান। অথচ মানুষ নির্বিচারে বৃক্ষচ্ছেদন করে প্রাকৃতিক সুরক্ষা বলয় বিনষ্ট করে চলেছেন। এগুলো বন্ধ করতে হবে। তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের কাজে সামিল হতে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করেন।
বৃক্ষ রোপণ কর্মসূচিকে সফল রূপ প্রদানের জন্য রাধামাধব কলেজ এনএসএস ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ডঃ সি এইচ মণিকুমার সিংহ, অধ্যাপিকা জুই নাথ ও এনএসএস ইউনিটের ছাত্র ছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন অধ্যক্ষ দত্ত চৌধুরী। এদিনের বৃক্ষ রোপণ কর্মসূচিতে কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রী, প্রশাসনিক ও লাইব্রেরি কর্মচারী সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।



