Barak UpdatesHappeningsBreaking News
নাগরিকত্বের নামে নিপীড়নের ঘটনায় ক্ষোভ

ওয়েটুবরাক, ২৭ মে : কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের নির্দেশে আসামের বিভিন্ন জেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম করে সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য মানুষকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে এসে আটক করে রেখেছে। এদের ব্যাপক অংশ পারিযায়ী শ্রমিক ও কৃষক ।
বিগত কিছুদিন ধরে গুজরাট ও ওড়িশায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি অনুপ্রবেশকারীর তকমা লাগিয়ে বন্দি করে রাখা হয়েছে। এই পরিযায়ী শ্রমিকরা মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা, বিভিন্ন পেশায় বহু বছর ধরে গুজরাট কিংবা ওড়িশায় কর্মরত আছেন, যাদের নাগরিকত্ব সংক্রান্ত বা স্থায়ী বাসিন্দা সংক্রান্ত বৈধ নথিপত্র রয়েছে।
আসামের ক্ষেত্রে পরিস্থিতি একটু অন্যরকম। সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে এন আর সি সম্পন্ন হয়েছে ও নাগরিকত্বের চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়েছে। এই নাগরিকত্বের তালিকায় যারা বৈধ, তাদের নাগরিকত্বের পরিচয়পত্র প্রদান করেনি সংশ্লিষ্ট সরকারি বিভাগ। যাদের নাম উপযুক্ত নথিপত্রে থাকা সত্ত্বেও চূড়ান্ত তালিকায় নথিভুক্ত হয়নি, তাদের রিজেকশন স্লিপ দেবার কথা, যার ভিত্তিতে তারা ফরেনার্স ট্রাইব্যুনালে মামলা করবেন। সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রিজেকশন স্লিপ ইস্যু করছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাজ্য সরকার এই লোকদের ও সাধারণ শ্রমজীবী মানুষদের বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করে কারাবন্দি করছে।
নাগরিকদের প্রতি সরকারের এধরনের আচরণ রাষ্ট্র ও নাগরিকদের গণতান্ত্রিক সম্পর্কের পরিপন্থী ও নাগরিকদের সাংবিধানিক অধিকারকে নস্যাৎ করে দেওয়ার সামিল।
আসামে যথেচ্ছ উচ্ছেদ ও নাগরিক হয়রানির মাধ্যমে শ্রমজীবীদের উপর যে দমননীতি নামিয়ে আনা হয়েছে, তা আসলে আসামে কর্পোরেট পুঁজির মালিকদের সস্তা শ্রম ও সম্পদের জোগান নিশ্চিত করার সরকারি নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
ফোরাম ফর সোশ্যাল হারমনি ও অসম মজুরি শ্রমিক ইউনিয়ন গণতন্ত্রকে সুরক্ষিত করতে শ্রমজীবীদের অধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সমস্ত বাম ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায়।



