India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে শারীরিক হেনস্তা

ওয়েটুবরাক, ২৪ জুন: রবিবার ঢাকার উত্তরা এলাকায় একদল জনতা চড়াও হয় দেশের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ওপর। ওই হামলার কয়েক ঘণ্টা আগেই বিএনপি ভোটে কারচুপির অভিযোগে হুদার বিরুদ্ধে মামলা দায়ের করে।
নুরুল হুদা ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান ছিলেন। শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী। হুদার সময়েই ২০১৮ সালের জাতীয় নির্বাচন হয়েছিল। আর সেখানেই ব্যাপক কারচুপি হয়েছিল বলে অভিযোগ করেছে বিএনপি। ঢাকার এক আদালতে মামলাও দায়ের করেছে তারা। মামলার খবর ছড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতেই একদল লোক চলে যায় হুদার উত্তরার বাড়ির সামনে। উত্তেজিত জনতা তাঁর বাড়ি ঘিরে ফেলে এবং তাঁর ওপর চড়াও হয়।
পরে পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে যাই। দেখি, বাড়ির সামনে উত্তেজনা। আমরা ওনাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে আমাদের হেফাজতে নিয়ে আসি।’ হামলার পিছনে কে বা কারা রয়েছে, তাদের রাজনৈতিক যোগ আছে কি না— সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট হয়নি। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।



