Barak UpdatesHappeningsBreaking News

দেশবন্ধুর জন্মজয়ন্তী : উদ্যোগ নিয়েছিলেন বিমলাংশু রায়, মূর্তির মূল্য দিয়েছিলেন গৌতম রায়

ওয়েটুবরাক, ৫ নভেম্বর: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ শিলচরে মর্যাদার সঙ্গে পালন করা হয়। বৃষ্টি বিঘ্নিত সকালেও দেশবন্ধুর পূর্ণাবয়ব প্রতিমূর্তিতে মাল্যদান করেন শহরের বিশিষ্টজনেরা। পরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্মৃতিরক্ষা সমিতি আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে মহান মনীষীর স্মৃতিচারণ করা হয়। শিলচর টিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক দিলীপকুমার দে বলেন, বিশাল ধনসম্পত্তির মালিক ছিলেন চিত্তরঞ্জন। শৌখিনতায় ছিলেন একেবারে চূড়ায়। কিন্তু দেশমাতৃকার মুক্তির আন্দোলনে সক্রিয় হয়ে সবকিছু অকাতরে বিলিয়ে দেন। বিলাসী জীবনযাপন ত্যাগ করে চলে আসেন একেবারে সাধারণ মানুষের সারিতে। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হয়েছিলেন বটে, কিন্তু পদলোভী ছিলেন না। আজকের রাজনৈতিক দলগুলির নেতাদের তুলনা টেনে অধ্যাপক দে আক্ষেপ ব্যক্ত করেন।

তবে এই অঞ্চলের রাজনীতিতে যে ভালো লাগারও বিভিন্ন দিক রয়েছে, এর উদাহরণ দেন প্রবীণ বিজেপি নেতা উদয় শংকর গোস্বামী। তিনি জানান, বিমলাংশু রায় বিজেপি বিধায়ক হিসেবে শিলচরে দেশবন্ধুর মূর্তি স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেন। তাতে অন্যান্য ব্যক্তিবর্গ জড়িত হলেও সংখ্যায় বেশি ছিলেন বিজেপি নেতারাই। কিন্তু বিরোধী দলের নেতা বলে তখন কারও কাছে তেমন অর্থকড়ি ছিল না। শেষে মূর্তির মূল্য দিতে এগিয়ে আসেন তৎকালীন কংগ্রেস সরকারের মন্ত্রী গৌতম রায়।

স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক সাধন পুরকায়স্থ মূর্তি স্থাপন সংক্রান্ত কাজে জড়িতদের মধ্যে যাঁরা আজ আর ইহজগতে নেই, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।

শিলচর পুর নিগমের প্রথম কমিশনার আইএএস সৃষ্টি সিং দেশবন্ধুর প্রতি আহ্বান জানিয়ে শিলচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ‘সিটিজেন এনগেজমেন্টে’র আহ্বান জানান। তাঁর কথায়, শহরের উন্নয়নের জন্য পুরসভার পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরেশ ব্যানার্জি, শতদল আচার্য, নীহাররঞ্জন পাল, উত্তম কুমার সাহা, রণজিৎ ভট্টাচার্য প্রমুখ। এবার রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মূর্তি ও তার রোটারির দেখভালের দায়িত্ব নিয়েছে। সকালেই রোটারিয়ানরা গিয়ে মূর্তির রোটারি চত্বর সাফসুতরো করে ভিন্ন চেহারা এনে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker