Barak UpdatesHappeningsBreaking News
কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তর পদ্ম সম্মান

ওয়েটুবরাক, ২৫ জানুয়ারি: আগামিকাল, সোমবার, সাধারণতন্ত্র দিবস। প্রথা মেনে তার আগের দিনই ভারত সরকার প্রকাশ করল ২০২৬ সালের পদ্মসম্মানের তালিকা। সমাজ সেবা, সাহিত্য, শিল্প, চিকিৎসা – বিভিন্ন ক্ষেত্রের ১৩১ জন কৃতী মানুষের নাম রয়েছে এ বছরের সম্মানপ্রাপকদের মধ্যে। তাঁদের মধ্যে বরাক উপত্যকার কৃতি সন্তান কবীন্দ্র পুরকায়স্থকে দেওয়া হচ্ছে মরণোত্তর পদ্মশ্রী সম্মান। মানুষের জন্য তাঁর দীর্ঘদিনের সেবার স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পদ্ম প্রাপকদের তালিকা প্রকাশের পরই বরাক জুড়ে খুশির হাওয়া। সমাজ মাধ্যমে এ নিয়েই চলছে নানা আলোচনা। মন্ত্রী কৌশিক রাই লিখেছেন, বরাক উপত্যকা তো বটেই, গোটা উত্তর পূর্বের বিজেপির কাছে এ এক গর্বের মুহূর্ত। কবীন্দ্র পুরকায়স্থ গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার জন্য নিরলস কাজ করে গিয়েছেন।
বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আজ শিলচরের আকাশ গর্বে উজ্জ্বলতর। জনসেবায় তাঁর নিরলস অবদান, আপসহীন নেতৃত্ব এবং মানুষের প্রতি নিখাদ ভালোবাসা চিরদিন প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।
কবীন্দ্র পুরকায়স্থের উদ্দেশে তাঁর মন্তব্য, “শিলচরের মানুষ কখনও আপনাকে ভুলবে না, স্যার।”
প্রাক্তন সাংসদ তথা দলের ত্রিপুরা রাজ্যের প্রভারি ডা. রাজদীপ রায় এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন।



