Barak UpdatesHappeningsBreaking News
জমা জলের সমস্যা সমাধানের আর্জি নিয়ে কণাদ সকাশে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ
ওয়েটুবরাক, ৫ জুলাই: শিলচর নগর ও সংলগ্ন এলাকায় জমা জলের সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের এক প্রতিনিধি দল আজ শনিবার নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বিগত এক বছর ধরে বিস্তারিত রিকনেসেন্স সার্ভে চালিয়ে জমা জলের সমস্যা ও সমাধানের বিভিন্ন প্রস্তাব সম্বলিত ১৬ পাতার এক দীর্ঘ রিপোর্ট তারা তুলে দেন সাংসদের হাতে।
প্রতিনিধিরা জানান, রাস্তার পাশের ড্রেন এবং প্রাকৃতিক খালগুলির শুধুমাত্র ভাসমান আবর্জনা সাফ করলেই জলের প্রবহমানতা বাড়ানো সম্ভব নয়, তার জন্য প্রয়োজন নীচে জমা হয়ে যাওয়া নোংরা আবর্জনা ও মাটি খনন সহ আমূল সংস্কার করা। বহু জায়গায় খালগুলির জমি জবরদখল হয়ে আছে, সেই জমি উদ্ধার করে এক্সকেভেটর যাতে খালের পাড় ধরে এগোতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সঠিক ঢাল বজায় রাখার জন্য খালগুলোর শেষ প্রান্ত থেকে খননের কাজ শুরু করতে হবে। এই কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে। এই কাজের জন্য জল সম্পদ বিভাগের তরফে সাড়ে তিন কোটি টাকার যে এস্টিমেট জমা দেওয়া হয়েছিল, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে সেই অর্থ মঞ্জুরির ব্যবস্থা করার জন্যও সাংসদকে অনুরোধ জানানো হয়। বৃষ্টির জল দ্রুত নেমে যাওয়ার জন্য রামনগর বাইপাসে আরও কয়েকটি প্যাসেজ নির্মাণ করার জন্যও তারা দাবি জানান। পাশাপাশি, ঘাগরা ও বরাক নদী খননের প্রয়োজনীয়তার উপরও তারা জোর দেন।
নাগরিক মঞ্চের প্রতিনিধিদের বক্তব্যের যৌক্তিকতা মেনে নিয়ে সাংসদ কণাদ পুরকায়স্থ সাথে সাথেই শিলচর পুর নিগমের সরকার নিযুক্ত কমিশনারের সাথে যোগাযোগ করে আগামী সোমবার এক বৈঠকের ব্যবস্থা করেন। এ ছাড়া, অর্থ মঞ্জুরির লক্ষ্যে, যত দ্রুত সম্ভব মুখ্যমন্ত্রীর সাথে নাগরিক সমন্বয় মঞ্চের এক আলোচনা সভার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন। তিনি নিজেও সেই আলোচনায় থাকবেন বলে জানান। নাগরিক মঞ্চের পক্ষে উত্তরীয় দিয়ে সাংসদকে সম্মান জানানো হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি ধ্রুব কুমার সাহা, সম্পাদক বাসুদেব শর্মা, সাধন পুরকায়স্থ, অজয় রায়, প্রণব দত্ত, রামেন্দ্র ভট্টাচার্য, ঝলক দাম, আশু পাল প্রমুখ ব্যক্তিবর্গ।



