Barak UpdatesHappeningsBreaking News
প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের

ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর: লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে লায়ন্স চক্ষু হাসপাতালের সেমিনার হলে ৬৪-তম শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে সভাপতিত্ব করেন শমীক সেন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট চিকিৎসক সত্যরঞ্জন ভট্টাচার্য। কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ ছিলেন প্রধান বক্তা। ড. নাগ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় শিক্ষক দিবসের ওপর তাঁর বক্তব্য উপস্থাপন করেন। তিনি মূলত স্বামী বিবেকানন্দ ও ভারতীয় শিক্ষা ব্যবস্থায় মূল্যবান আলোকপাত করেন। জাতীয় শিক্ষানীতিতে ভারত যে তার মৌলিক সত্ত্বা ফিরে পাবে সে ব্যাপারে ড. নাগ দৃঢ় মতামত ব্যক্ত করেন।

এ দিন লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের পক্ষ থেকে তিনজন প্রাক্তন শিক্ষককে যথাযথ মর্যাদায় সংবর্ধিত করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন গুরুচরণ কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান ড. দীপঙ্কর কর, আইটিআই শ্রীকোনার অবসরপ্রাপ্ত প্রশিক্ষক দিলীপ রঞ্জন নন্দী এবং জয়পুর রাজাবাজারের নন্দ চাষা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপকুমার আচার্য। আয়োজকরা উত্তরীয়, উপহার ও অভিজ্ঞান পত্র দিয়ে মনোনীত শিক্ষকদের সম্মান জানান।
পরে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ক্লাব সচিব জয়ন্ত কুমার দেব। তিনি বলেন, শিক্ষকরাই সমাজ গঠনে মুখ্য ভূমিকা নেন। ফলে তাঁদের সম্মান জানানোর মধ্য দিয়ে তাঁরা নিজেরাই কৃতার্থ হন।
এই অনুষ্ঠানে প্রকল্প সঞ্চালকের দায়িত্বে ছিলেন আর এক সুমিত দেবনাথ।


