NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
উদ্ধার হল শিলচর এনআইটির তিন পড়ুয়ার দেহ

ওয়েটুবরাক, ১০ নভেম্বরঃ ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও বৌলসল জলপ্রপাতে সলিল সমাধিই ঘটে শিলচর এনআইটির তিন ছাত্রের। দুই দিনের তল্লাশি অভিযানে তিনজনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার অঘটনের কয়েক ঘণ্টার মধ্যে পাওয়া যায় সর্বকৃত্তিকার দেহ। কিন্তু ঘন অন্ধকারের দরুন সে রাতে আর তল্লাশি চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। রবিবার ফের অভিযান শুরু হতেই একে একে ভেসে ওঠে রাধিকা ও সৌহার্দ্য রাইয়ের নিথর দেহ।
শনিবার তাঁরা শিলচর এনআইটি থেকে হারাঙ্গাজাওয়ে বেড়াতে গিয়েছিলেন। সেখানকার বৌলসল জলপ্রপাতে গিয়েই এই অঘটন ঘটে। পা পিছলে পড়ে গিয়ে জলে তলিয়ে যান এনআইটির প্রথম বর্ষের দুই ছাত্রী ও এক ছাত্র। তাদের মধ্যে সৌহার্দ রাই (২০) সর্বকৃত্তিকা (২০)-র বাড়ি উত্তরপ্রদেশে। রাধিকা বিহারের বাসিন্দা।
ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশসুপার ফারুক আহমেদ জানিয়েছেন, শনিবার তিন ছাত্রছাত্রীর জলে ডুবে সন্ধানহীন হওয়ার খবর পেয়েই হারাঙ্গাজাও থানার ওসি লক্ষীন্দর শইকিয়া দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। শিলচর থেকে এসডিআরএফের ডিপ ডাইভারের একটি দল এবং হাফলং ও হারাঙ্গাজাও থেকে অগ্নিনির্বাপক বাহিনী সেখানে উপস্থিত হয়। অভিযানে অংশ নেন আসাম রাইফেলসের জওয়ানরাও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলোর আসার আগেই তাঁরা জলে ঝাঁপান । কিন্তু সন্ধান মেলেনি । পরে অবশ্য তিন জনেরই মৃতদেহ উদ্ধার হয়।
তিন তরুণ-তরুণীর মর্মান্তিক মৃত্যু বৌলসল গ্রামবাসীদের শোকার্ত করে তোলে। পরম্পরাগত চাদরে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানান তারা।



