NE UpdatesAnalyticsBreaking News

জুবিন গার্গ হত্যাকাণ্ডে চার্জশিট দাখিল এসআইটির, ৪ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ

গুয়াহাটি, ১২ ডিসেম্বর : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ১২ ডিসেম্বর এসআইটি জুবিন গার্গ হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে। এই অভিযোগপত্রে এসআইটি শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে বিএনএস ১০৩ ধারায় হত্যাকারী হিসেবে অভিযুক্ত করেছে।

অন্যদিকে, জুবিনের আত্মীয় সন্দীপন গার্গের বিরুদ্ধে বিএনএস ১০৫ ধারায়  অনিচ্ছাকৃত হত্যার ধারা যুক্ত করা হয়েছে। এছাড়াও জুবিনের দুই পিএসও— নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্যের বিরুদ্ধে বিএনএস ৩১৬ ধারায় অপরাধমূলক আস্থাভঙ্গের ধারা সংযোজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৮/২০২৫ নম্বর মামলার তদন্তের চার্জশিট এসআইটি দাখিল করেছে। আদালতে জমা দেওয়া চার্জশিটটি প্রায় ৭,০০০ পৃষ্ঠার, যার সঙ্গে সংযুক্ত রয়েছে প্রায় ৩,৫০০ পৃষ্ঠার নথিপত্র। এই মামলায় এসআইটি প্রায় ৩০০ জনের সাক্ষ্যগ্রহণ করেছে। সিআইডি-র কাছে দাখিল ১৯/২০২৫ নম্বর মামলার তদন্ত এখনও চলছে।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অকালে প্রাণ হারান সুরের জাদুকর জুবিন গার্গ। সাগরে সাঁতার সময়েই তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর পর প্রকাশ্যে আসে বেশ কিছু ভিডিও, যার ফলে সমগ্র ঘটনাটি রহস্যময় হয়ে ওঠে। পরবর্তীতে এই বিষয়টির তদন্তভার গ্রহণ করে এসআইটি। তদন্তের স্বার্থে এসআইটি সিঙ্গাপুরেও গিয়েছিল। অসমে শত শত মানুষের জবানবন্দি নেওয়া হয়, সিঙ্গাপুর থেকেও অসমীয়াদের এনে বয়ান সংগ্রহ করা হয়েছে।

এ দিকে তদন্তকারী সংস্থা জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় বিএনএস ১০৩ ধারায় হত্যার অভিযোগ যুক্ত করে। এরপর মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, জুবিন গার্গকে হত্যা করা হয়েছে। দীর্ঘ তদন্তের পর আজ এসআইটি চার্জশিট দাখিল করেছে। আগামী দিনে আরও অনেক তথ্য প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker