Barak UpdatesHappeningsBreaking News
শিলচর মালুগ্রামের বাসিন্দা প্রশান্ত শীল প্রয়াত দিল্লিতে

ওয়ে টু বরাক, ২২ ফেব্রুয়ারি : শিলচর মালুগ্রামের বাসিন্দা বর্তমানে দিল্লি নিবাসী প্রশান্ত শীল শনিবার সকাল সাড়ে পাচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৪৪ বছর। গত কিছুদিন থেকে ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব হওয়ায় তাঁকে বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত প্রশান্ত শীল চিত্রকলার জগতে অসামান্য অবদান রেখে গিয়েছেন। দিল্লির আর্ট কনসাল্ট গ্যালারির অধীনে থাকা নামিদামি ম্যাগাজিন ‘আর্ট অ্যান্ড ডিল’-এর ক্রিয়েটিভ হেড ছিলেন তিনি। বলতে গেলে তিনি আর্ট বিষয়ক এই ম্যাগাজিনের পুরো দায়িত্ব সামলাতেন। এই ম্যাগাজিনে বরাক উপত্যকার লেখক-লেখিকাদের প্রতিবেদন যেমন তুলে ধরতেন, তেমনি এখানকার চিত্রশিল্পীদের আঁকাও স্থান পেয়েছে ম্যাগাজিনে।
প্রশান্ত শীল শিলচরের চিত্রকলা প্রতিষ্ঠান শিল্পাঙ্গনের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। শিলচরে এলে বন্ধু সন্দীপন দত্ত পুরকায়স্থের সঙ্গ মিলে শিল্পাঙ্গনকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে চিন্তাচর্চা করতেন। প্রসঙ্গত, প্রশান্ত শীল কাছাড় স্কুল ও কাছাড় কলেজ থেকে পড়াশোনা শেষ করে আসাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগে অ্যাপ্লায়েড আর্ট নিয়ে স্বর্ণপদক পেয়েছিলেন। প্রশান্ত শিলচরের বিশিষ্ট চিত্র সাংবাদিক পার্থ শীলের ছোটভাই।



