India & World UpdatesHappeningsBreaking News
লাভের আশায় রাজনীতিতে আসিনি, বললেন কেজরিওয়াল

ওয়েটুবরাক, ৯ ফেব্রুয়ারি: দিল্লির ভোটারদের রায় মাথা পেতে নিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ভোটের ফলাফল প্রকাশ হতেই তিনি এক ভিডিয়োবার্তায় বলেছেন, ‘‘দিল্লির ভোটের ফল প্রকাশিত। জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন, আশা করি ওরা তা পূরণ করব। গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। দিল্লিতে শিক্ষা, স্বাস্থ্য, জল— সব ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি। রাজধানীর পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করেছি। এখন দিল্লির মানুষের রায় অনুযায়ী আমরা এখানে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। সমাজসেবা এবং মানুষের হিতার্থে কাজ চালিয়ে যাব। মানুষের সুখে-দুঃখে পাশে থাকব। রাজনীতিতে আমরা কোনও লাভের আশা নিয়ে আসিনি। রাজনীতি হল মানুষের জন্য কাজ করার মাধ্যম। সেই কাজ আমরা করে যাব। আপের সব কর্মীকে অভিনন্দন এবং ধন্যবাদ। ওঁরা এই নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করেছেন।’’



