Barak UpdatesCultureBreaking News
গণসুরের প্রতিষ্ঠা দিবসে ক্লাবের স্থায়ী ঠিকানায় জোর সদস্যদের

ওয়ে টু বরাক, ২ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন গণসুর ক্লাবের ৫৪তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো ২ আগস্ট শনিবার। বরিষ্ঠ সদস্য সুব্রত রায়ের (শম্ভু) বাড়িতে সকাল আটটায় ক্লাবের পতাকা উত্তোলন করেন সভাপতি জয়ন্ত কিশোর দাস।
প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি বলেন, ১৯৭২ সালের ২ আগস্ট প্রতিষ্ঠা হয়েছিল শিলচরের এই ঐতিহ্যবাহী গণসুর ক্লাব। এই ক্লাবের সঙ্গে শিলচরের সাংস্কৃতিক চর্চার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বাংলাদেশ সহ দেশের বিভিন্ন জায়গায় নাটক মঞ্চস্থ করেছেন ক্লাবের নাট্যশিল্পীরা। বিভিন্ন রাজ্যে নানা বিষয়ের ওপর নাটকগুলো মঞ্চস্থ করে কৃতিত্ব অর্জন করে অনেক পুরস্কার লাভ করেছে এই ক্লাব, যা আমাদের কাছে এক গর্বের বিষয়।
এছাড়াও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে এক গঠনমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতি জয়ন্ত কিশোর দাসের পৌরোহিত্যে আয়োজিত এ দিনের সভায় ক্লাবের নাট্যচর্চার পাশাপাশি নতুন প্রজন্মকে নিয়ে একটি কর্মশালা আয়োজন করার প্রস্তাব উঠে আসে। আলোচনায় অংশ নিয়ে ক্লাব সদস্যরা নাটকের প্রতি নতুন প্রজন্মকে আকর্ষিত করতে নানা প্রস্তাব তুলে ধরেন। সাংস্কৃতিক বিষয়ের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে আগামী দিনের নানা পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেন সদস্যরা।
এ দিকে বর্তমানে ক্লাবের একটি স্থায়ী ঠিকানা না থাকার কারণে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে জানান কর্মকর্তারা। দীর্ঘ ৫৪ বছর থেকে শিলচরের অন্যতম পুরনো এই গণসুর ক্লাবের একটি ঠিকানা ছিল বলে নানা সাংস্কৃতিক পরিমণ্ডলে অংশীদার হতে সক্ষম হয়েছিল। কিন্তু বর্তমানে ক্লাব ঘর উচ্ছেদ হওয়ার পর নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে মত ব্যক্ত করেন সদস্যরা। তারপরও এমন পরিস্থিতিতে ক্লাব যথাসাধ্যভাবে তার কাজকর্ম অব্যাহত রাখার আন্তরিক প্রয়াস জারি রেখেছে।
বিষয়টির গুরুত্ব আরোপ করে ক্লাবের একটি ঠিকানার প্রয়োজনীয়তার ওপর জোর দেন সদস্যরা। ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এ দিনের কার্যসূচিতে সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিভাস রায়, বরিষ্ঠ সদস্য আশিস ভৌমিক, বিজয় খান, প্রদ্যুৎ দাস, রুমি রায়, রাজকুমার রায়, অঞ্জলি দাস, দেবাশিস সোম প্রমুখ।



