Barak UpdatesHappeningsBreaking News

সড়ক সুরক্ষা মাসের সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কার ও প্রশংসাপত্র বিতরণ করলেন সাংসদ পরিমল

ওয়েটুবরাক, ১৮ ফেব্রুয়ারি : সমাপ্তি ঘটল জাতীয় সড়ক সুরক্ষা মাসের। মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সড়ক সুরক্ষা সচেতনতার প্রচারে কৃতিত্বপূর্ণ ভূমিকা ও যৌথ উদ্যোগের স্বীকৃতি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে।

১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলা মাসব্যাপী সড়ক সুরক্ষা কর্মসূচির সমাপ্তি উপলক্ষে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে পুরস্কার ও প্রশংসাপত্র বিতরণ করা হয়। কাছাড় পুলিশ, পিডব্লিউডি (সড়ক), জেলা স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, আবগারি বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংস্থা নেতাজি ছাত্র যুব সংস্থাকে সড়ক সুরক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে বিশেষভাবে কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয় ছাত্রছাত্রীদের। জি.সি. কলেজ, নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং এম.সি. দাস কলেজের ছাত্রছাত্রীরা সড়ক সুরক্ষা কুইজ প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়।

জেলা সড়ক সুরক্ষা কমিটি এ দিন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে সড়ক সুরক্ষা সরঞ্জাম বিতরণ করে। জেলা পুলিশ সুপার, জেলা পরিবহন আধিকারিক এবং জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এই সরঞ্জাম গ্রহণ করেন।

সাংসদ পরিমল শুক্লবৈদ্য তাঁর ভাষণে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলির যৌথ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান যে, ধারাবাহিক সচেতনতা প্রচার ও কঠোর ট্রাফিক নিয়ম প্রয়োগের ফলে ২০২৪ সালে আগের বছরের তুলনায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি সকলকে এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, সড়ক সুরক্ষা আমাদের সকলের দায়িত্ব। জনসভা হোক বা ব্যক্তিগত সফর, নিয়ম মানতেই হবে।

সাংসদ শুক্লবৈদ্য গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন, “আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি যে, আমার রাজনৈতিক র‍্যালিতে কেউ যদি হেলমেট ছাড়া ধরা পড়ে, তাকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হবে। সুরক্ষার বিষয়ে কোনওরকম আপস করা চলবে না।”

অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারী একটি শপথ গ্রহণ করেন যে, সড়ক সুরক্ষা বিধি মেনে চলবেন এবং কাছাড়কে সড়ক সুরক্ষার মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবেন। পুরো অনুষ্ঠান জুড়ে জনসুরক্ষার প্রতি এক ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি ধ্বনিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নুমল মাহাত্তা, দুই অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন ও ভ্যানলাল লিম্পুইয়া নাম্পুই, জেলা পরিবহন আধিকারিক রমেশ শ্যাম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker