Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে শ্রীঅরবিন্দ ট্রাস্টের উদ্যোগে ‘সিদ্ধি দিবসের শতবর্ষ’ উদযাপন

ওয়েটুবরাক, ২৫ নভেম্বর : শ্রীঅরবিন্দের ঐতিহাসিক সিদ্ধি দিবসের ১০০ বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার, শিলচরের শ্রীঅরবিন্দ কেন্দ্রে শ্রীঅরবিন্দ ট্রাস্ট শিলচরের উদ্যোগে ‘সিদ্ধি দিবসের শতবর্ষ’ যথাযোগ্য মর্যাদা, ভক্তি ও আধ্যাত্মিক পরিবেশে উদযাপিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় সমবেত ধ্যানের মাধ্যমে। শ্রীঅরবিন্দ ট্রাস্ট শিলচরের সভাপতি শ্রীমতী মহামায়া দেব তাঁর স্বাগত ভাষণের মাধ্যমে উপস্থিত সকলকে অনুষ্ঠানে স্বাগত জানান।
অনুষ্ঠানে সিদ্ধি দিবসের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে দুটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সুস্মিতা ভট্টাচার্য শতবর্ষ পূর্বে ১৯২৬ সালের ২৪ নভেম্বরের ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব এবং শ্রীঅরবিন্দের সাধনজীবনে এই দিনের তাৎপর্য তুলে ধরেন।
পরবর্তী আলোচনায় ডাঃ নিশিকান্ত পাটোয়া ‘সিদ্ধি দিবসের পরবর্তী সময়কাল’ শীর্ষক বক্তব্য রাখেন। তিনি শ্রীঅরবিন্দের পরবর্তী নিভৃত সাধনা, আশ্রম পরিচালনার দায়িত্ব শ্রীমায়ের হাতে অর্পণ এবং সমন্বিত যোগের বিকাশে এই সময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানের আধ্যাত্মিক আবহকে আরও সমৃদ্ধ করে তোলে সোনিপ্রিয়া ভার্মা ও আনন্দ ভার্মা পরিবেশিত শ্রীমায়ের গান ও ভজন।
এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। তিনি তাঁর বক্তব্যে শ্রীঅরবিন্দের জীবনদর্শন, আধ্যাত্মিক ভাবনা এবং সমকালীন সমাজে তাঁর দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য পর্ব ছিল সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম্’ সংগীত পরিবেশনা। শ্রীঅরবিন্দের দেশপ্রেম, জাতীয় জাগরণ এবং মাতৃভূমির প্রতি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে উপস্থিত সকলে দাঁড়িয়ে এই সংগীতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ড. প্রদীপ্ত দাস সমাপনী বক্তব্য প্রদান করেন এবং এই মহতী আয়োজনকে সফল করে তোলার জন্য প্রধান অতিথি, আলোচকবৃন্দ, সংগীতশিল্পী, ভক্ত-অনুরাগী ও সহযোগী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষে শ্রীমায়ের ধ্যান এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠান পরিচালনা করেন সুপর্ণা পাটোয়া ও রাজলক্ষ্মী |
ট্রাস্টের পক্ষ থেকে ওইদিন সকাল বেলায় এক স্বাধ্যায় অনুষ্ঠানের আয়োজন করা হয় | সকালে বিভিন্ন বক্তা এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে শাশ্বতী রায়, নিৰ্মালী বর্মন, সুপর্ণা দাস, অঞ্জনাভ দেব, বিশ্বজিৎ সাহু ছিলেন অন্যতম| অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সৌমিত্র রায়, সুদীপ দত্ত, অর্চনা দত্ত, নিশিকান্ত পাটোয়া, সুনয়না ও পরমজ্যোতি | সঞ্চালনা করেন সুস্মিতা ভট্টাচার্য |
উল্লেখ্য, ১৯২৬ সালের ২৪ নভেম্বর পন্ডিচেরির শ্রীঅরবিন্দ আশ্রমের ইতিহাসে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। শ্রীঅরবিন্দের আধ্যাত্মিক সাধনা ও পূর্ণ যোগের বিবর্তনের ইতিহাসে এই দিনটি ‘সিদ্ধি দিবস’ নামে পরিচিত। এই ঐতিহাসিক দিবসের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শ্রীঅরবিন্দ ও শ্রীমায়ের আধ্যাত্মিক আদর্শ, দর্শন এবং মানবচেতনার বিবর্তন সম্পর্কিত তাঁদের মহান ভাবনাকে স্মরণ ও অনুধাবন করা। পন্ডিচেরিতে শ্রীঅরবিন্দ আশ্রমও ওই একই দিনে স্থাপিত হয়েছিল |


