Barak UpdatesHappeningsBreaking News
যোগাযোগ অব্যবস্থার জন্যই শিলচরের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি, বললেন উপেন্দ্র দ্বিবেদী

ওয়েটুবরাক, ৪ নভেম্বর: “সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও যোগাযোগ ও পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে শিলচর শহরের পূর্ণ সম্ভাবনা এখনও কাজে লাগানো সম্ভব হয়নি। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হলে শিলচর গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র, শিল্পাঞ্চল এবং সেনা মোতায়েনের অন্যতম ঘাঁটি হিসেবে গড়ে উঠতে পারে।” মঙ্গলবার এমনই মন্তব্য করলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
শিলচরের কাছাড় ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র আয়োজিত ‘ড. এস কৃষ্ণমূর্তি স্মারক বার্ষিক বক্তৃতা’য় তিনি শিলচরের কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করলেন ।
তাঁর কথায়, “শিলচর স্বাভাবিকভাবেই একটি বাণিজ্যকেন্দ্র। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হলে এর গুরুত্ব বাড়বে। শিলচর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেই থাকবে।” মিজোরাম ও ত্রিপুরার সঙ্গে শিলচরের যোগাযোগ এবং বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বর্তমান রাজনৈতিক মতপার্থক্যকে স্থায়ী বলে মনে করা উচিত নয়। ভবিষ্যতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠতে পারে। উত্তর-পূর্বাঞ্চল ভারতের কৌশলগত ও অর্থনৈতিক যোগাযোগের অন্যতম প্রধান করিডর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চিন ও পাকিস্তান একযোগে ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে কি না, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুই দেশের মধ্যে এমন সমন্বয়ের সম্ভাবনা নির্ভর করবে তৎকালীন রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উপর। পাশাপাশি আঞ্চলিক দেশগুলির সঙ্গে তাদের সম্পর্কও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, চিন বিশ্বনেতৃত্বের আসনে বসতে চায়। কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে হলে ভারতের সঙ্গে সংঘাতে জড়ানোর আগে তাদের একাধিকবার ভাবতে হবে। কারণ ভারতের সঙ্গে সামরিক সংঘাত চিনের অর্থনৈতিক ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার উপরও গুরুতর প্রভাব ফেলতে পারে।যদিও এই মুহূর্তে উদ্বেগের বিশেষ কোনও কারণ নেই বলে তিনি জানান, তবে পরিস্থিতির উপর সতর্ক নজর রাখা প্রয়োজন। কোনও পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছলে ভারত বন্ধুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা করবে বলেও জানান তিনি।
জেনারেল দ্বিবেদী আরও বলেন, ভারতের নিরাপত্তা মূল্যায়ন এখন আর শুধু প্রচলিত সামরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব নয়। কূটনীতি, তথ্য, সামরিক শক্তি, অর্থনীতি এবং প্রযুক্তিগত সক্ষমতা—এই সমস্ত বিষয়কে একসঙ্গে বিবেচনায় রাখতে হবে। ভবিষ্যতের যুদ্ধের চরিত্র নির্ধারণে এই বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
আধুনিক যুদ্ধের পরিবর্তিত চরিত্র প্রসঙ্গে অপারেশন সিঁদুরে ড্রোন ব্যবহারের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, যুদ্ধে চালকবিহীন প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার সেনা মোতায়েনের প্রচলিত কৌশল নতুন করে পর্যালোচনার প্রয়োজন তৈরি করেছে। বিশেষ করে শত্রুপক্ষের খুব কাছাকাছি সেনা মোতায়েন থাকলে ড্রোনের মতো প্রযুক্তির কারণে তাদের চলাচলের স্বাধীনতা সীমিত হতে পারে।
বক্তৃতানুষ্ঠানের প্রারম্ভে সকলকে স্বাগত জানান কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির চেয়ারম্যান ডাঃ সুজিত কুমার নন্দী পুরকায়স্থ। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সচিব নীলাভ মৃদুল মজুমদার।

