Barak UpdatesHappeningsBreaking News
বিশ্বে ১৬৬তম স্থানে এনআইটি শিলচর, ভারতে ৫ম

ওয়েটুবরাক, ২৫ সেপ্টেম্বর: ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিঙ ২০২৬-এ এনআইটি শিলচর বিশ্বে ১৬৬তম স্থান অর্জন করেছে। বিশ্বের ১১০টি দেশের ২,০১৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে, অংশগ্রহণকারী ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ৫ম স্থান ধরে রেখেছে শিলচরের এই শিক্ষা প্রতিষ্ঠান|
গত বছর তাদের বিশ্ব র্যাঙ্ক ছিল ১৯১, স্কোর ছিল ৮,১৮৭.৫। ২০২৬ সালে স্কোর বেড়ে ৮,৪০০ হয়েছে এবং বিশ্ব র্যাঙ্কে ২৫ ধাপ উন্নতি হয়েছে। গত তিন বছরের ফলাফলে এনআইটি শিলচর -এর র্যাঙ্ক ছিল যথাক্রমে ২০২৪-এ ১৮৫, ২০২৫-এ ১৯১ এবং ২০২৬-এ ১৬৬।
২০২৬ সালের ইউআই গ্রিনমেট্রিক মূল্যায়নে প্রথমবারের মতো গভর্নেন্স অ্যান্ড ডিজিটালাইজেশন একটি পৃথক বিভাগ হিসেবে যুক্ত হয়েছে। ফলে ২০২৫ ও ২০২৬ সালের মোট স্কোরের সরাসরি তুলনা করার ক্ষেত্রে পদ্ধতিগত কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে বিশ্ব র্যাঙ্কে ১৯১ থেকে ১৬৬-এ উন্নতি এনআইটি শিলচর-এর আন্তর্জাতিক অবস্থানের অগ্রগতি স্পষ্টভাবে তুলে ধরে। ডিরেক্টর দিলীপকুমার বৈদ্য বলেন, এই সাফল্য এনআইটি শিলচর–এর টেকসই পরিকাঠামো, শক্তি ও পরিবেশ ব্যবস্থাপনা, বর্জ্য ও জল ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব পরিবহণ, শিক্ষা ও গবেষণা এবং দায়িত্বশীল প্রাতিষ্ঠানিক চর্চার প্রতি ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। তাঁর দাবি, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে ক্যাম্পাসকে টেকসই প্রযুক্তি ও উদ্ভাবনের একটি লিভিং ল্যাবরেটরি হিসেবে আরও বিকশিত করার লক্ষ্যে কাজ করবে।
এই অর্জনের জন্য তিনি ইনস্টিটিউটের পরিচালনা, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও প্রযুক্তিগত ইউনিটগুলির সম্মিলিত প্রচেষ্টাকে কৃতিত্ব দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি আরও সবুজ, সম্পদ-সাশ্রয়ী, প্রযুক্তিনির্ভর ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁদের এই সাফল্য উত্তর-পূর্ব ভারতের একটি প্রযুক্তি-প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও পরিবেশ-সচেতনতার ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন ডিরেক্টর দিলীপকুমার বৈদ্য।

